
শেষ আপডেট: 28 November 2022 12:56
নব্বইয়ের দশকের অন্যতম বিতর্কিত বিষয় বানতলা ধর্ষণ কাণ্ড (Bantala rape case) এবার বাংলা ছবিতে (cinema)। এই ছবির হাত ধরে 'নদী রে তুই', 'আইডেন্টিটি', 'আহুতি'খ্যাত পরিচালক কিংশুক দে আবার বড়পর্দায় ফিরতে চলেছেন। ছবির নাম 'দ্য রেড ফাইলস'। নিবেদনে ব্লু বেরি এন্টারটেইনমেন্ট। প্রযোজনা করছেন মিনু পারেখ ও নীলেশ পারেখ।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী, নবাগতা তানিকশা রায় এবং শ্যামল চক্রবর্তী। এছাড়াও ছবির অন্যান্য শিল্পীরা হলেন দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, দীপক হালদার, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুজয় মজুমদার, জুঁই সরকার, বরুণ চক্রবর্তী, দোয়েল রায় নন্দী, অনিত চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, সুমন রায়, দেবাঞ্জন মিত্র, বিক্রমজিত মুখোপাধ্যায়, দেবাশিস নাথ, মিশর বসু, মৌসুমী চক্রবর্তী, জাসগুন বির প্রমুখ।

ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় স্বয়ং কিংশুক দে। ক্যামেরায় শুভদীপ নস্কর। ছবির সৃজনশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন সংযুক্তা দেব রায়। সঙ্গীত পরিচালনায় সৌম্য ঋত। ছবির সম্পাদনা করবেন অমিত নস্কর। সঙ্গীত শিল্পীরা হলেন নচিকেতা চক্রবর্তী ও সঙ্গীত পরিচালক সৌম্য ঋত স্বয়ং।

ছবির মূল কাহিনি বানতলা ধর্ষণ কাণ্ড দ্বারা আধারিত। প্রসঙ্গত ছবি সম্পর্কে পরিচালক কিংশুক জানালেন, 'সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত ধর্ষণ আমাদের সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো রয়েই গেছে। নারীদের প্রতি এই লজ্জাজনক নৃশংস অন্যায়ের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। মানুষ দাবি করে তাঁরা সভ্য হয়েছে। কিন্তু এই নৃশংসতার দিকে একটু সময় নিয়ে তাকালে পুরোটাই নিছক মিথ্যে মনে হয়। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর ধর্ষণের সংখ্যা যদি সঠিকভাবে গণনা করা যায় চমকে উঠতে হয়। নব্বই-এর দশকের এমনই এক শিউরে ওঠা ধর্ষণকাণ্ড ছিল বানতলা ধর্ষণ কাণ্ড।'

এমন অনেক কেস থাকে যা নানা কারণে বছরের পর বছর হাজার হাজার ফাইলের নীচে চাপা পরে থাকে। এই সমস্ত ফাইলগুলিকে রেড ফাইলস বলে। এই ছবি বানতলা ধর্ষণ কাণ্ডের রেড ফাইলস নিয়েই। ১৯৯০ সালে বানতলায় তিনজন মহিলাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু প্রমাণের অভাব আর রাজনৈতিক চাপে সঠিক বিচার পায় না নির্যাতিতাদের পরিবার।

বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল তো চাপা পড়ে যায় কিন্তু জায়গার নামগুলো বদলাতে থাকলেও, ধর্ষণের নৃশংসতা কমে না কিছুতেই। এই ছবি মানুষকে আরও একবার ভাবাবে, প্রতিবাদ দীর্ঘজীবী হোক, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই আমরা। এই ভাবনা থেকেই কাহিনি লেখা, জানালেন পরিচালক।
সম্প্রতি মুক্তি পেল ছবির চরিত্রদের লুক। খুব শিগগিরই বড়পর্দায় ছবি মুক্তি পেতে চলেছে।
মৃত্যুর খবর ভুয়ো, অবস্থা অত্যন্ত সংকটজনক বিক্রম গোখলের! জানাল পরিবার