
শেষ আপডেট: 4 December 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই দুবাই থেকে ঘটা করে জানিয়েছিলেন যে, এবার বলিউডে পা রাখতে চলেছেন। সেখানে একটি স্টোর উদ্বোধন করতে গিয়ে বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে নতুন ছবির ঘোষণা করেছিলেন। কিন্তু সপ্তাহ ঘুরতেই খারাপ খবর পেলেন অভিনেতা হিরো আলম। সূত্রের খবর, রবিবার তাঁর ভোটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণঅধিকার পার্টি থেকে দাঁড়ানোর জন্য নমিনেশন জমা করেছিলেন আলোচিত এই ইউটিউবার। কিন্তু রবিবার তা বাতিল করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে সংবাদমাধ্যমের সামনে হিরো আলম এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
কেন তাঁর নমিনেশন বাতিল করলেন নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা? জবাবে হিরো আলম বলেন, "মানুষ মাত্রেই ভুল হয়। আমারও হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। সেসময় আমার নমিনেশন পেপারে আমার উকিল দু'টো ভুল করেছেন। হলফনামায় স্বাক্ষর ছিল না, এটা একটা ভুল। আর দ্বিতীয়টা হল, ভুল করে আমি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর ফর্ম পূরণ করেছি।"
তবে ভোটের আগে এভাবে নমিনেশন বাতিল হয়ে যাওয়ায় কোনও চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, "সবাই জানেন, ওঁরা চাইলেই এখান থেকে হলফনামায় আমার স্বাক্ষর নিতে পারত। নিশ্চয়ই অন্য প্রার্থীরা এ বিষয়ে অবজেকশন করেছে, তাই আমাকে বাতিল করেছে। এটা এমন কিছু না। এর আগেও আমার মনোনয়ন বাতিল হয়েছে।"
উল্লেখ্য, গত বুধবার সকালে একটি ভিডিও পোস্ট করে বলিউডে ডেবিউয়ের ঘোষণা করেছেন হিরো আলম। ছবির প্রযোজক আরভ খান এবং নায়িকা রাখি সাওয়ান্তকে সঙ্গে নিয়ে দুবাই থেকে নতুন ছবির কথা জানান অভিনেতা। এতদিন সোশ্যাল মিডিয়ায় হিরো আলম ছিলেন 'সুপারস্টার'। এবার বড়পর্দায় রাখির সঙ্গে জুটি বেঁধে কেমন কাজ করেন, তা দেখার বিষয়।