২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে।

নুসরত ফারিয়া (ছবি-গুগল)
শেষ আপডেট: 18 May 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: খুনের চেষ্টার অভিযোগ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়ার (Nusrat Faria) বিরুদ্ধে। রবিবার ঢাকা বিমানবন্দর (Arrested from Dhaka Airport) থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র আন্দোলন রুখতে আওয়ামী লিগের হয়ে আর্থিক সাহায্যের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
রবিবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন নুসরত ফারিয়া (Nusrat Faria)। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে ভাটারা থানায় নিয়ে আসা হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। নুসরত ফারিয়ার এই খবর জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
সূত্রে খবর, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। গত এপ্রিল মাসে ঢাকার ভাটারা থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন নুসরত ফারিয়া (Nusrat Faria)। ২০১৫ সালে 'আশিকী' ছবির হাত ধরে অভিনয় জীবন শুরু তাঁর। টলিউডেও একাধিক কাজ করেছেন তিনি। অঙ্কুশ, জিতের মত সুপারস্টারদের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। 'বাদশা- দ্য ডন', 'বস ২', 'ইনস্পেক্টর নটি কে', 'বিবাহ অভিযান', 'আবার বিবাহ অভিযান'-এর মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ (Bangladesh)। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর মহম্মদ ইউনূসের নেতৃত্বে ওপার বাংলায় অন্তর্বর্তী সরকার গঠন হয়। নুসরতের গ্রেফতারিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের দাবি, আওয়ামি লিগের সঙ্গে যেসকল তারকাদের সুসম্পর্ক, তাঁদের উপরই ইউনূস সরকারের খাঁড়া পড়ছে। কয়েকদিন আগেই সঙ্গীতশিল্পী তথা আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল নুসরত ফারিয়াকে।
উল্লেখ্য, প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal) পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। এই সিনেমায় 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় (Indo-Bangladeshi Coproduction) তৈরি হয়েছিল সিনেমাটি।