
শেষ আপডেট: 30 July 2022 12:51
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্র সঙ্গীত-হিরো আলম বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নোবেল (Noble)। হিরো আলমের পাশে দাঁড়িয়ে ফের বেলাগাম মন্তব্য করলেন তিনি। বললেন, 'রবীন্দ্রনাথ-নজরুল (Rabindranath Tagore-Kaji Nazrul Islam) তো আর নবী কিংবা দেবতা না যে তাঁদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!' দুই কবিকে নিয়ে তাঁর এই মন্তব্যের জোর সমালোচনা শুরু হয়েছে দুই বাংলাতেই।
‘বিকৃতভাবে’ রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অভিযোগে বাংলাদেশে (Bangladesh) তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন হিরো আলম। তারপরেই তাঁকে তলব করে পুলিশ। এরপরেই তিনি পুলিশের কাছে মুচলেকা দিয়ে জানান, আর রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি গাইবেন না তিনি।
অন্ধবিশ্বাস বনাম বিজ্ঞান, ধর্ম বনাম জাতের লড়াই! ‘লক্ষ্মী ছেলে’-র ট্রেলারে কোন বার্তা কৌশিকের
এই প্রসঙ্গেই এবার নয়া বিতর্ক উস্কে দিলেন নোবেল। তাঁর দাবি, 'যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।'
শনিবার সকালে ফেসবুকে এই পোস্ট করার পরেই নেটিজেনরা নোবেলের তীব্র সমালোচনা শুরু করেছেন। তাঁদের মতে, এখন আর নোবেলের গান কেউ শোনে না। তাই এই ধরণের মন্তব্য করে নেটদুনিয়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছেন। কমেন্ট বক্সে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষও। একজন নেটিজেন লিখেছেন, 'পুলিশ ধরলে আবার প্রোফাইল হ্যাক হওয়ার বাহানা দেবে।'
একসময় নোবেলের গান ছিল সোশ্যাল মিডিয়ার হটকেক। ইউটিউবে কিংবা ফেসবুকে পোস্ট হতেই ভাইরাল হয়ে যেত। তবে এখন সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। গান গাইলেও শ্রোতা পাওয়া যায় না। তাই নেটিজেনদের দাবি, এই কারণেই এমন ভুলভাল মন্তব্য করে খবরে থাকতে চাইছেন নোবেল।