
শেষ আপডেট: 3 December 2020 07:23
শাহরুখের নাম নিতেই এক প্রজন্মের ছেলেমেয়েদের বুকের মধ্যে তোলপাড় শুরু হয়। এমনকি প্রেমিকের মধ্যে শাহরুখের প্রতিচ্ছবি খোঁজেন মেয়েরা। নতুন লুক দেখার পর তাঁদের কী অবস্থা হয়েছে ভেবে দেখুন তো একেবার! ২০২১ সালে এটাই ছেলেদের চুলের নতুন স্টাইলও হতে পারে?
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওর বাইরে। গাড়ি থেকে নামার পরেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে বাদশাহর নতুন লুক। অনেকেই রটিয়ে দিয়েছেন এটি তাঁর পরবর্তী সিনেমা 'পাঠান'-এর লুক। সিনেমায় শাহরুখের পাশাপাশি থাকবেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামও। বড় পর্দায় ফের বাদশাহকে দেখা যাবে, খবর শুনে আনন্দে আত্মহারা তাঁর অনুরাগীরা।
তবে এটিই প্রথমবার নয়। আইপিএল-এর সময় নাইট রাইডার্সের খেলা দেখার জন্য মাঠে ছিলেন তিনি। আবার জন্মদিন কাটাতে দুবাইয়ে তাঁকে দেখা গিয়েছিল। তখনই অনেকে লক্ষ্য করে বাদশাহর নতুন লুক। তাঁর লম্বা চুলের দিকেই প্রথমে নজর যায়। তারপর ফ্রেঞ্চকাট দাড়ি। এইদিন দেখা গেল সাদা টি-শার্ট, কালো জিন্স। চোখে বড় সানগ্লাস। কিছুটা চুল বাঁধা। পুরোটা লুকটাই 'ডন ২', 'রইস'-এর কথা মনে করাচ্ছে। রোমান্টিক ছবির নায়কের নতুন লুক দেখে স্থির থাকা মুশকিল। এতটাই 'হট'!
বলিউডের বাদশাহ শাহরুখ খানের আগে যেকোনও বিশেষণই ছোট মনে হয়। তাঁর একঝলক দেখার জন্য প্রতিদিন 'মন্নত'-এর সামনে জমে ভিড়। তবে লকডাউনের মধ্যে একদিনও তাঁকে দেখতে না পাওয়ায়, অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর কোটি কোটি অনুরাগীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন কোনও ছবির সুখবর দিতে চলেছেন কি কিং খান? দেশজুড়ে চলছে ঘোর জল্পনা।
১৩ বছর আগে দীপিকা পাড়ুকোনের সিনেমা জগতে আত্মপ্রকাশ ঘটেছিল বাদশাহর হাত ধরে। 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো সুপারহিট সিনেমার পর 'পাঠান'-এও তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। শাহরুখের লুক দেখার পর এখন দীপিকা কীভাবে নিজেকে বদলেছেন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। বলাই বাহুল্য, ২০২০ সাল খারাপ কাটলেও, ২০২১ যে একেবারে মন্দ কাটবে না, তা এখন থেকেই বোঝা যাচ্ছে।