
শেষ আপডেট: 27 October 2023 20:38
দ্য ওয়াল ব্যুরো: একজন পুরুষ হয়ে নারী চরিত্রে অভিনয় করা মুখের কথা নয়। তার উপর সেই সিনেমা যদি হয় কমেডির, তাহলে সেটা আরও কঠিন হয়ে যায়। তবে আয়ুষ্মান খুরানা বলিউডের সেই অভিনেতাদের একজন, যিনি একবার নয়, বরং দু'বার নারী চরিত্রে অভিনয় করেছেন। এমনকী মেয়েলি পুরুষের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এমন সিনেমায় অভিনয়ের জন্য নিশ্চয়ই কাউকে অনুসরণ করেন অভিনেতা। সম্প্রতি সে প্রশ্নেরই জবাব দিয়েছেন নায়ক।
মাসকয়েক আগেই মুক্তিপ্রাপ্ত 'ড্রিম গার্ল ২'-এ তাঁকে এক মহিলা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এর আগে 'ড্রিম গার্ল' ছবিতেও তিনি সেই একই চরিত্রে অভিনয় করেছেন। আয়ুষ্মান জানিয়েছেন, তিনি কিংবদন্তি অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবীর অভিনয় দেখে এই ছবিগুলিতে কাজের প্রস্তুতি নিয়েছিলেন। নয়ের দশকে যে অভিনেত্রীদের সিনেমায় আয়ুষ্মান বুঁদ হয়ে থাকতেন, পরে সেই তারকাদের অভিনয়ই তাঁকে 'পূজা' চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছিল।
একইসঙ্গে আয়ুষ্মান জানিয়েছেন, এই ছবিতে কাজ করার সময় তাঁকে কীরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। কারণ গরমকালে ৪৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাথায় পরচুলা পরে, গায়ে ভারী লেহেঙ্গা চাপিয়ে ও মুখে মেকআপ করে অভিনয় করেছেন তিনি। অভিনেতা আরও বলেছেন, "শ্যুটিংয়ের শুরুর আগে রোজ সকালে পুরো দাড়ি কামিয়ে ফেলতাম। কিন্তু চারঘণ্টার মধ্যে আবার দাড়ি উঠে যেত ছোট ছোট। তাই শ্যুটিংয়ের মাঝে মেকআপ তুলে আবার দাড়ি কামাতাম। তারপর আবার মেকআপ করে শ্যুট করতাম। এভাবেই 'ড্রিম গার্ল ২'-এর কাজ শেষ করেছি। এগুলো সহজ নয়।"