
শেষ আপডেট: 24 April 2023 06:42
দ্য ওয়াল ব্যুরো: করোনা পরবর্তী সময়ে হলগুলি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে একাধিক নতুন ছবির হাত ধরে। বছরভর অনেক নতুন ছবি রয়েছে মুক্তি পাওয়ার অপেক্ষায়। এই তালিকায় রয়েছে আয়ুষ্মান খুরানার (Ayushman Khurana) নতুন ছবি ড্রিম গার্ল -এর সিক্যোয়েলও (Dream girl 2)। তবে জুলাইতে মুক্তি পাওয়ার কথা থাকলেও এই মুক্তি পিছিয়ে (release postponed) যাওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই।
প্রথমে চলতি বছরের জুলাইয়ের ৭ তারিখে মুক্তির কথা ছিল ছবিটির। তবে সেই তারিখ এক মাসের বেশি পিছিয়ে দেওয়া হয়েছে। অগস্টের ২৫ তারিখ নতুন মুক্তির দিন ঘোষণা হয়েছে ড্রিম গার্ল ২ এর। এই মুক্তির তারিখ সোমবার ইনস্টাগ্রামে ঘোষণা করেন আয়ুষ্মান। সেই সঙ্গে অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, 'থোড়া করো ইন্তেজার'। অর্থাৎ ছবিটি দেখতে আরও একটু ধৈর্য ধরতে হবে এমনটাই বক্তব্য অভিনেতার।
এই ছবিতে পূজা নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান। ছবি মুক্তির তারিখ বদলানোর ঘোষণাও তিনি এই চরিত্রের মাধ্যমেই করলেন। পূজা চরিত্রটির একটি পিছন দিকে ফেরা ছবির সঙ্গে দেখা যাচ্ছে একটি চিঠি। সেখানে পূজার বয়ানেই লেখা 'আমার প্রিয় প্রেমিকগণ, চার বছর পর আবার আপনাদের মনের টেলিফোন বেজে উঠবে। সেই কারণে প্রস্তুতিও শানদার, ধামাকাদার হওয়া উচিত তাই না? ফলে আরও একটু অপেক্ষা করতে হবে, এবার সাতের সাথে নয় বরং অগস্টে পাওয়া যাবে পূজার চুম্বন।'
গোটা বয়ানটিই পূজার গলায় অনুরাগীদের শুনিয়েছেন অভিনেতা। মুক্তির তারিখ পিছনোর এমন অভিনব কায়দায় চমক লেগেছে অভিনেতার অনুরাগী মহলে। পাশাপাশি, ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াতে হতাশ অনুরাগীদের একাংশ। দীর্ঘদিন পর্দায় তাঁদের প্রিয় অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখ তাঁরা ভুলতে চাইছিলেন জুলাই মাসেই। এখন অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আয়ুষ্মান খুরানাকে ফের পর্দায় দেখতে গেলে।
মনুর মুখে তনুর প্রশংসা! কঙ্গনার সুখ্যাতি শোনা গেল মাধবনের গলায়