
শেষ আপডেট: 17 September 2023 08:41
দ্য ওয়াল ব্যুরো: গত দু’সপ্তাহ ধরেই গোটা দেশের বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ (Jawan 2)। পাড়ার চায়ের ঠেক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া- সর্বত্র এই একটা ছবি নিয়েই আলোচনা চলছে। ৫৭ বছর বয়সে এসে একেবারে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলিউড বাদশা (Shah Rukh Khan), এমনটাই বলছেন সকলে। যেখানে ছবি নিয়ে এত কথাবার্তা, পর্যালোচনা, সেখানে পরিচালক অ্যাটলি কুমার (Atlee) কী ভাবছেন? তিনি কি দর্শকদের আগ্রহ বাড়িয়ে ‘জওয়ান’-এর সিক্যুয়েল আনবেন? পরিচালকের ভাবনা এমনটাই।
পরিচালক বলেছেন, “আমি নিজে আসলে একেবারেই ‘ড্যাডিজ বয়’। তাই আমার সিনেমায় বারবার বাবাদের গল্প উঠে এসেছে। ভবিষ্যতেও এর অন্যথা হবে না। আর আমি নিজে যেহেতু শাহরুখ খানের অন্ধভক্ত, তাই ওঁর সঙ্গে আবার কাজ করতে চাই। তাই ইচ্ছা আছে বিক্রম রাঠোরকে নিয়ে বড়পর্দায় আবার কাজ করার। সেটা এখনই হয়ত হবে না। কিন্তু পরে অবশ্যই চেষ্টা করব।”
উল্লেখ্য, হিন্দি সিনেমার ইতিহাসে শাহরুখ খানের ‘জওয়ান’ ইতিমধ্যে অজস্র রেকর্ড ভেঙে দিয়েছে। শুক্রবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯দিনেই ছবিটি বিশ্বজুড়ে ৭৩৫ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। আপাতত শাহরুখেরই আগের ছবি ‘পাঠান’-এর রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছে ‘জওয়ান’। শনিবার এবং রবিবার এই বক্স অফিসের অঙ্ক আরও অনেক ছবিকেই ছাপিয়ে যেতে পারে বলে ধারণা সিনেমা বিশেষজ্ঞদের। আর ছবিটির এই দুর্দান্ত সাফল্যই সিক্যুয়েলের সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে।
‘জওয়ান’-এ শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। একজন বাবা, যাঁর নাম বিক্রম রাঠোর। আর অপরজন ছেলে, আজাদ। দুই চরিত্রেই শাহরুখের অভিনয় নজর কেড়েছে। নিজের ক্যারিশ্মায় দর্শক-সমালোচকদের রীতিমতো মাত করে দিয়েছেন কিং খান। তবে তুলনামূলকভাবে বিক্রম রাঠোর চরিত্রে তাঁর অভিনয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রথম সল্ট অ্যান্ড পেপার লুকে বড়পর্দায় ধরা দিয়েছেন তিনি, যা আট থেকে আশি, সকলের মনে ঝড় তুলেছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই ওই ‘ড্যাডি লুক’-এ মাত। আর সেইজন্যই অ্যাটলি চাইছেন বিক্রম রাঠোরকে পর্দায় ফিরিয়ে দর্শকদের উন্মাদনা আরও একটু বাড়িয়ে দিতে।
‘শাহরুখই আমার বিপদে সবার আগে এগিয়ে আসবে’, ‘জওয়ান’-এর ভালবাসায় মুগ্ধ দীপিকা