
শেষ আপডেট: 10 July 2018 10:14

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমো। যদিও কয়েকদিন আগেই ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে জামিনের পরেও মিমোর বিয়ে নিয়ে চলছিল জল্পনা।

গত ৭ জুলাই উটির এক বিলাসবহুল হোটেলে বসার কথা ছিল মহাক্ষয়ের বিয়ের আসর। আয়োজনও হয়েছিল সেই মতোই। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় বিয়ে। মহাক্ষয়ের বিরুদ্ধে রুজু হওয়া ধর্ষণ মামলার তদন্ত করতে বিয়ের আসরেই হাজির হয় পুলিশ। সূত্রের খবর, এরপরেই নাকি হোটেল ছেড়ে বেড়িয়ে যান কনে পক্ষ।

এই ঘটনার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বলিউডে। তাহলে কি ভেঙেই গেল মিঠুন পুত্রের বিয়ে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ১০ জুলাই মাদলসার সঙ্গেই বিয়ে সেরে ফেললেন মহাক্ষয়। উটির এক বিলাসবহুল হোটেলেই বসেছিল বিয়ের আসর। সূত্রের খবর, আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব্রাই হাজির ছিলেন মহাক্ষয়-মাদলসার বিয়ের আসরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমো এবং মাদলসার বিয়ের ছবি।