
ধর্মেন্দ্র
শেষ আপডেট: 18 April 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: বয়স যেন কেবল একটি সংখ্যা—এ কথার সত্যতা আরও একবার প্রমাণ করে দিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সেও যেভাবে নিজের শরীর ও মনকে সচল ও সুস্থ রাখছেন, তা শুধু ভক্তদের নয়, নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে, ধর্মেন্দ্র ফিজিওথেরাপি সেশনে ব্যস্ত। বিছানায় শুয়ে প্রশিক্ষকের সাহায্যে করছেন পায়ের ব্যায়াম। ক্যাপশনে লিখেছেন, “বন্ধুরা, তোমাদের শুভকামনা আর আশীর্বাদে আমি ভাল থাকার চেষ্টা করে চলেছি। যোগাসন, ব্যায়াম, আর এখন ফিজ়িওথেরাপি—সব কিছুই করছি নিয়ম মেনে। আমার প্রিয় ফিজ়িওথেরাপিস্ট অমিত কোহলির কাছে আমি কৃতজ্ঞ। সকলকে ভালবাসা জানাই, নিজেরা সুস্থ থেকো।”
View this post on Instagram
ধর্মেন্দ্রর এই ফিটনেস রুটিন দেখে অভিভূত তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “আমাদের আসল আয়রন ম্যান”, কেউবা বলেছেন, “সত্যিকারের বাঘ এখনও আপনি!” মেয়ে এষা দেওল ও ছেলে ববি দেওলও বাবার পোস্টে ভালবাসার ইমোজি দিয়েছেন। এই বয়সে এমনভাবে ফিটনেস রুটিন বজায় রাখা সহজ নয়। তবে ধর্মেন্দ্র দেখিয়ে দিলেন, ইচ্ছে থাকলে বয়স বাধা হয়ে দাঁড়ায় না।