আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। হরিহরণ, কুণাল গাঞ্জাওয়ালা, উদিত নারায়ণ ও মিতার আবেগঘন প্রতিক্রিয়া।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 12 April 2026 23:57
ভারতীয় সঙ্গীতে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়াতই মৃত্যু হয় তাঁর (Asha Bhosle Death)। এই প্রয়াণে কার্যত শেষ হয়ে গেল হিন্দি ছবির স্বর্ণযুগের এক উজ্জ্বল অধ্যায়।
আশাজির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী হরিহরণ, সঙ্গীত শিল্পী কুণাল গাঞ্জাওয়ালা, সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ, আশাকণ্ঠী মিতা চট্টোপাধ্যায়।
দ্য ওয়ালের তরফ থেকে যোগাযোগ করা হলে, মিতা চট্টোপাধ্যায় বলেন, 'আগামীকাল যখন উনি হাসপাতালে ভর্তি হলেন, আমি তখনই ভগবানকে ডেকেছি। যে ঠাকুর, ওঁকে সুস্থ করে দাও। কিন্তু যাঁর যখন চলে যাওয়ার সেটা কেউই আটকাতে পারে না। সেটাই হল। উনি আমাদের সকলেরই খুব প্রিয়। ওঁর গান গেয়েই আমার প্রথম নাম হয়েছে। ফলে এমন একটা দিনে খুবই খারাপ লাগছে।'
কুণাল গাঞ্জাওয়ালা বলেন, 'আশাজি আমার কাছে মায়ের মতো। আমি যে কত কিছু শিখেছি ওঁর থেকে, তা বলে বোঝাতে পারব না। দু'মাসের লম্বা ট্যুরও করেছি। আমেরিকা, কানাডা একাধিক জায়গায়। উনি সব সময় খুবই হাসিখুশি থাকতেন। আমাকে, আমার পরিবারকে খুবই ভালবাসতেন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না এমন কিছু ঘটেছে।'
সঙ্গীত শিল্পী হরিহরণ দ্য ওয়ালকে বলেন, 'কয়েক মাস ধরেই আশাজির শরীরটা খারাপ ছিল। বয়সজনিত অনেক সমস্যাও চলছিল। আজকের খবরটা পাওয়ার পরে একটাই কথা মাথায় আসছে, যিনি গত ৬০-৭০ বছর ধরে কাজ করে গেছেন, এক কথায় ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি গায়িকা, তাঁর এভাবে চলে যাওয়াটা খুবই মন খারাপের।'
সঙ্গীত শিল্পী উদিত নারায়ণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আশাজির খবরটা পেয়ে খুবই খারাপ লাগল। একটা ইতিহাস শেষ হল আজকে। প্রচুর গান আমরা একসঙ্গে গেয়েছি। ৬ মাস আগেই আমার সঙ্গে দেখা হয়েছে। উনি যেভাবে গোটা জীবনে কাজ করেছেন, তা কোনও দিন কেউই ভুলবে না।'