দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ শর্তের বিনিময়ে মুক্তি পেয়েছেন আরিয়ান খান। হাজতবাস থেকে রেহাই পেলেও কড়াভাবেই পালন করতে হচ্ছে সেসব শর্ত। জামিনের সেই শর্তাবলি খানিক আলগা হোক, চাইছেন শাহরুখ-পুত্র। সেই আর্জি নিয়ে তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে খবর।
জানা গেছে, হাইকোর্ট যে সমস্ত শর্তে আরিয়ানকে জামিন দিয়েছে, তার কয়েকটি শিথিল হোক, এই আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আবেদন হাইকোর্টে জমাও পড়েছে।
কোন কোন শর্ত আলগা করতে চেয়েছেন শাহরুখ-পুত্র?
সূত্রের খবর, আরিয়ান খানকে প্রতি শুক্রবার এনসিবি বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের অফিসে হাজিরা দিতে হয়। বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে এনসিবির সামনে হাজির হতে হয় আরিয়ানকে। এই শর্ত একেবারেই নাপসন্দ শাহরুখ-পুত্রের। এই শর্তে খানিক শিথিলতা চেয়েছেন তিনি।
আরিয়ান তাঁর আবেদনে জানিয়েছেন, প্রতি শুক্রবার করে এনসিবির অফিসে যেতে গেলে তাঁর সঙ্গে থাকে মুম্বই পুলিশের কড়া প্রহরা। এমনটা একেবারেই পছন্দ নয় তাঁর। এতে তাঁর অস্বস্তি হয়। তাই এই হাজিরার নিয়ম আরও কিছু আলগা হোক, চেয়েছেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর সোমবার হাইকোর্টের বিচারপতির দরবারে পেশ করা হবে আরিয়ান খানের এই আবেদন। এখন দেখার আরিয়ানের জামিনের শর্ত আদৌ শিথিল হয় কিনা।