
শেষ আপডেট: 24 June 2023 08:08
দ্য ওয়াল ব্যুরো: আর্চি কমিক্স-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ তৈরি করেছেন জোয়া আখতার। দিনকয়েক আগেই নেটফ্লিক্স টুডুম ইভেন্টে তাঁর ট্রেলারও মুক্তি পেয়েছে। কিন্তু এরপর থেকেই পশ্চিমি দুনিয়ার রোষানলে পড়েছে ছবিটি। তাঁদের দাবি, ছয়ের দশকে ভারতীয়দের এমন ফর্সা দেখতে ছিল না। তাঁদের পোশাকও ছিল অন্যরকম। সবমিলিয়ে রিসার্চওয়ার্ক নিয়ে জোর সমালোচনার মুখে পড়তে হয়েছে জোয়াকে। সমালোচকদের পাল্টা দিলেন জোয়া নিজেও।
জোয়ার কথায়, “সবাই এরকম কেন ভাবছে? ভারতীয়রা কি ফর্সা হতে পারে না? এটাও একধরনের বর্ণবিদ্বেষ। আপনারা কি ঠিক করে দেবেন যে ভারতীয়দের কেমন দেখতে হবে? আমাদের দেশে যেমন হৃতিক রোশন রয়েছেন, তেমন রজনীকান্তও আছেন। আবার দিলজিৎ দোসাঞ্জ যেমন আছেন, তেমন মেরি কমও। এটাই ভারতের বৈচিত্র্য। এটাই সৌন্দর্য।” একইসঙ্গে পোশাক বিতর্কেও মুখ খুলেছেন তিনি। জোয়ার দাবি, “আর্চি কমিক্সের ভারতীয় সংস্করণে একটা কাল্পনিক শৈলশহর দেখানো হয়েছে। তাই পাহাড়ের দিকে মানুষ যেমন জামাকাপড় পড়েন, আমরাও তেমনই রেখেছি।”
তবে বিতর্কের এখানেই শেষ নয়। বি টাউনের তারকাসন্তানদের নিয়ে সিরিজ তৈরি করায় ‘দ্য আর্চিস’কে ‘নেপোটিজমের আঁতুরঘর’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। কারণ এই ছবিতেই একসঙ্গে তিন তারকা সন্তানের ডেবিউ হতে চলেছে। তাঁরা হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর এবং শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগ্যস্ত নন্দা। তবে এই তিন স্টারকিড ছাড়াও অভিনয় করেছেন আরও চার তরুণ তারকা। তাঁদের নাম অদিতি সায়গল, মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দা।