
ফাইল চিত্র
শেষ আপডেট: 24 November 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৯ বছর পর ভেঙে গেল রহমান ও সায়রার সংসার৷ স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ও গায়ক এ আর রহমান। বিয়ের এত বছর পর পারস্পরিক সম্মতিতে দু'জনেই একে অপরকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। কেন অস্কারজয়ী শিল্পীর ডিভোর্স ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাঁর সহশিল্পী মোহিনী দে বিচ্ছেদ ঘোষণা করেছেন? এই প্রশ্নে মেতে ওঠে নেটদুনিয়া।
সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ট্রোল। ডিভোর্সের খবর জানাতে হ্যাশ ট্যাগ ব্যবহার করেছিলেন গায়ক। তা নিয়েও কম ওড়েনি মজা। এবার সেই সব অপবাদকারীর জন্য আইনি নোটিশ পাঠালেন সংগীত পরিচালক এ আর রহমান। ২৩ নভেম্বর, শনিবার, তিনি একটি আইনি চিঠি শেয়ার করে সমস্ত ইউটিউব চ্যানেলকে তার বেসিস্ট মোহিনী দে-র সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে যে সমস্ত ভিডিও তৈরি করেছে তারা, তা সরিয়ে ফেলতে বলেছেন।
রহমান তাঁর এক্স হ্যান্ডেলে নিজের লিগাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিস শেয়ার করেছেন। বেশ কয়েকটি পাতার একটি নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছে, তা সরিয়ে ফেলতে হবে।
আরও লেখা রয়েছে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কল্পনাপ্রসূত কাহিনি বানানো হচ্ছে। এমনকী কেন বিচ্ছেদ হল, কেন ছেদ পড়ল দাম্পত্য সম্পর্কে তা নিয়ে বেশ কিছু তারকার সঙ্গে সাক্ষাৎকারও দেখা যাচ্ছে। তিনি পোস্ট সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার সময়ও দিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যদি কেউ সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে না সরায়, তবে ভারতীয় ন্যায়সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।