.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 March 2025 10:08
দ্য ওয়াল ব্যুরো: অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে বুকের ব্যথা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার সকাল ৭:৩০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করেন, যার মধ্যে ইসিজি ও ইকোকার্ডিওগ্রামও অন্তর্ভুক্ত ছিল। হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনে তাঁর অ্যাঞ্জিওগ্রামও করা হতে পারে।
৫৭ বছরের এই বিখ্যাত সংগীত পরিচালক দীর্ঘদিন ধরে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুরকার। ২০০৯ সালে "Slumdog Millionaire"-এর জন্য অস্কার জেতেন তিনি। এখনও পর্যন্ত হাসপাতাল বা তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
গত বছর আচমকাই সামনে আসে এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের খবর, যা ভক্তদের চমকে দেয়। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই সিদ্ধান্ত সহজ ছিল না, তা স্বীকার করেছিলেন তাঁদের আইনজীবীও। একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি বুকে রেখেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
এই বিচ্ছেদের খবর সহজে মেনে নিতে পারেননি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। রহমান নিজেও বিচ্ছেদের পর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এক পোস্টে লেখেন, "অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো।" তাঁর কথায় স্পষ্ট ছিল, এত বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ একেবারেই সহজ ছিল না।
দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পরও দু’জনেই তাঁদের ব্যক্তিগত জীবনে শান্তি ও স্থিতি খুঁজে নিতে চেষ্টা করছেন। তবে এই বিচ্ছেদ নিয়ে আলোচনা থামেনি, বরং তা আজও অনুরাগীদের মনে প্রশ্ন জাগিয়ে রাখে।