
আশিস ও অপূর্বা
শেষ আপডেট: 13 February 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: রণবীর আল্লাবাদিয়ার বাবা-মায়ের যৌনতা নিয়ে করা মন্তব্য ঘিরে বিতর্ক যেন থামতেই চাইছে না। সেই মন্তব্যের রেশ এখন পুলিশ ও প্রশাসনের দোরগোড়ায় পৌঁছেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে তদন্তের আওতায় শুধু রণবীর নন, বরং অনুষ্ঠানটির সঞ্চালক সময় রায়না, ইউটিউবার আশিস চঞ্চলানি এবং অপূর্বা মুখিজাকেও ডেকে পাঠিয়েছে পুলিশ। তাঁদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে, পূর্ববর্তী কোনও পর্বেও কি আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।
পুলিশের কাছে দেওয়া বিবৃতিতে আশিস ও অপূর্বা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আনস্ক্রিপটেড। বিচারক ও প্রতিযোগীরা স্বাধীনভাবে তাঁদের মতামত প্রকাশ করেন, তাঁদের কথাবার্তার জন্য কোনও পারিশ্রমিকও দেওয়া হয় না। পাশাপাশি, অনুষ্ঠানে দর্শকরা টিকিট কেটে প্রবেশ করেন এবং সেই অর্থ বিজয়ী প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয়, বিচারকরা তাঁর থেকে কোনও ভাগ পান না।
দর্শকদের ক্ষোভের পাশাপাশি, এই বিতর্ক নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন একাধিক তারকা। পরিস্থিতির গুরুত্ব বুঝে হস্তক্ষেপ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীসও। তিনি নির্দেশ দিয়েছেন, অনুষ্ঠানের প্রতিটি পর্ব খুঁটিয়ে পর্যালোচনা করতে হবে এবং কোনও আপত্তিকর মন্তব্য পাওয়া গেলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।
এদিকে, তদন্তের আওতা আরও বাড়তে পারে। শুধু রণবীর, সময়, আশিস বা অপূর্বাই নন, অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকা রাখি সাওয়ান্ত, উরফি জাভেদ, রঘু রাম এবং ভারতী সিংকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এমনকি, দর্শক ও প্রতিযোগীদেরও তলব করা হতে পারে। অতীতের কোনও পর্বে বিতর্কিত মন্তব্য পাওয়া গেলে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।