Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা এখন পাতি মধ্যবিত্তর শহর হয়ে গিয়েছে: অপর্ণা সেন

কলকাতার যেমন এমন একজন ‘অপর্ণা সেন’ (Aparna Sen) আছেন, অপর্ণারও কি এমনই এক কলকাতা নেই? যে কলকাতা তাঁর নিজের, তাঁর নিজের মনের কাছাকাছি, সর্বোপরি তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠার যাত্রাপথ যে শহরে মিশে আছে?

কলকাতা এখন পাতি মধ্যবিত্তর শহর হয়ে গিয়েছে: অপর্ণা সেন

অপর্ণা সেন। ছবি: অরিত্র কবিরাজ।

শেষ আপডেট: 19 December 2024 11:07

শুভঙ্কর চক্রবর্তী

অপর্ণা সেন (Aparna Sen)। এ নাম শুনলে এখনও মুখ ফিরিয়ে রাখতে পারে না কলকাতা। একটা বড় অংশ এই নামকে যেমন শ্রদ্ধা করে, একটা আরও বড় অংশ পোষণ করে মুগ্ধতা। একটা অংশের হয়তো অভিমানও আছে, কিয়দংশ কি নিন্দাও করে না! করে হয়তো। কিন্তু তার পরেও, এই নামটি শুনে কোনও প্রতিক্রিয়া মিলবে না, এমনটা যেন কলকাতায় সম্ভব নয়।

কলকাতার যেমন এমন একজন ‘অপর্ণা সেন’ আছেন, অপর্ণারও কি এমনই এক কলকাতা নেই? যে কলকাতা তাঁর নিজের, তাঁর নিজের মনের কাছাকাছি, সর্বোপরি তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠার যাত্রাপথ যে শহরে মিশে আছে?

আছে তো। এমনই এক কলকাতা আজও আছে অপর্ণা সেনের স্মৃতিতে, সত্ত্বায়, ধারণায়। সে জন্যই বোধ হয় খানিকটা অভিমান করে ‘মৃণালিনী’ বলেন, ‘শহরকে আর ভাল লাগে না আমার।’

সত্যিই কি তাই? সামনেই মুক্তি পেতে চলেছে অপর্ণার নতুন সিনেমা 'পরমা'। তার আগে 'দ্য ওয়াল'-এ এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে সে কলকাতার কথাই খোলসা করে বললেন পরিচালিকা-অভিনেত্রী নিজেই। সে কথা প্রসঙ্গে বললেন আরজি কর আন্দোলনের কথাও।

সে আন্দোলনের সময়ে জুনিয়র ডাক্তারদের অনশনের মঞ্চে সশরীরে উপস্থিত হয়েছিলেন অপর্ণা সেন নিজে। কয়েকশো ক্যামেরা-মোবাইলের সামনে তাঁকে বলতে শোনা গেছিল, ‘এ শহরের কি কোনও মায়া নেই, মমতা নেই?’ অথচ সেই ছবির পাশাপাশিই দেখা গেছিল, কেউ কেউ ‘গো ব্যাক’ স্লোগানও দিয়েছেন তাঁকে। এই নিয়ে কি কোনও খারাপ লাগা আছে?

আরজি করের মঞ্চে কোনও অপ্রীতিকর ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি বলে উল্লেখ করে অপর্ণা বলেন, শহরের প্রতি তাঁর ভালবাসাটা কমে গেছিল নানা কারণে। তবে আরজি কর কাণ্ডে এত মানুষের পথে নামা দেখে সে ভালবাসার অনুভূতি আবার ফিরে আসে।

তাঁর কথায়, ‘এমন গণঅভ্যুত্থান হয়নি কখনও। সুতরাং একটা ভালবাসার জোয়ারও আবার আমার মনে এল নতুন করে।’ কিন্তু সেই সঙ্গেই অপর্ণার আক্ষেপও রয়েছে এই কলকাতাকে নিয়েই। বললেন, ‘এ শহরের মধ্যে একটা খ্যাপামি ছিল, আমরা যখন ছোট ছিলাম, শহরের মধ্যে এক ধরনের মজা ছিল। একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল।’

অপর্ণার অভিমানে ভরা অভিযোগ, ‘সেই সব চলে গিয়ে পাতি মধ্যবিত্ত, একটা ডেলি সোপের শহর হয়ে গিয়েছে। এটা আমার ভাল লাগে না।’

এই প্রসঙ্গেই উঠে আসে, দিন কয়েক আগে শহর কলকাতায় ভাইরাল হওয়া সেই চুম্বন-ভিডিওর কথা। কালীঘাট মেট্রো স্টেশনে এক প্রাপ্তবয়স্ক যুবক-যুবতী চুমু খাচ্ছিলেন। কোনও একজন সেই ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন। তাতে শোনা যায়, ভাইরাল করে দে... আরও অশ্লীল নানা শব্দ ভেসে আসে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করার পরে কমেন্টেও শুরু হয় ওই দু’জনের চরিত্র নিয়ে কাটাছেঁড়া। এই শহরটা কি অপর্ণার চেনা?

অপর্ণা জানালেন, এমন চুমু খাওয়া নিয়ে বা প্রকাশ্যে ঘনিষ্ঠতা নিয়ে আগেও ছুঁতমার্গ ঠিকই, কিন্তু তা নিয়ে এমন বাড়াবাড়ি ছিল না। তাঁর কথায়, ‘তখনও লোকে আপন্তি করত এসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে সমস্তক্ষণ সকলের এই যে একটা নজরদারি, সোশ্যাল মিডিয়ার দৌলতে এটা বেশি হয়েছে। সকলেই এখন বিচারকের আসনে বসা। এই বিচারকের আসনে বসার কী প্রয়োজন আছে, আমি বুঝতে পারি না। থাকুক না মানুষ নিজের মতো!’

এই নিজের মতো থাকার ইচ্ছেকে আবার ফিরিয়ে আনতে চেয়েই বোধহয় অনুপম রায়ের সেই বিখ্যাত লাইনের আশ্রয় নেন অপর্ণা, বলেন, ‘আমাকে আমার মতো থাকতে দে বাবা!’


```