
শেষ আপডেট: 28 October 2022 08:02
দ্য ওয়াল ব্যুরো: গতকাল, অর্থাৎ বৃহস্পতিবারই মহিলা ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ-পিছু সমান ম্যাচ ফি (equal match fee) দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং তাপসী পান্নু (Tapsee Pannu)।
বৃহস্পতিবার বিসিসিআই ঘোষণা করেছে, নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের মহিলা এবং পুরুষ ক্রিকেটাররা (male and female cricketers) একই অঙ্কের ম্যাচ ফি পাবেন। টেস্ট ম্যাচ, একদিনের ক্রিকেট এবং টি-২০ ম্যাচের ক্ষেত্রে এই ম্যাচ ফির পরিমাণ যথাক্রমে ১৫ লক্ষ, ৬ লক্ষ এবং ৩ লক্ষ টাকা। এর আগে মহিলা ক্রিকেটাররা টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-২০ পিছু সাম্মানিক পেতেন যথাক্রমে ৪ লক্ষ, ১ লক্ষ এবং ১ লক্ষ টাকা। ক্রীড়াবিদদের ক্ষেত্রে লিঙ্গসাম্য বজায় রাখার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাপসী এবং অনুষ্কা। তাঁরা দু'জনেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন।
টুইট করে বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছেন তাপসী পান্নু। তিনি লিখেছেন, 'সমপরিমাণ কাজের জন্য সমান বেতনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত পদক্ষেপ। উদাহরণ সহযোগে এগিয়ে আসার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।'
অন্যদিকে বোর্ড সভাপতি জয় শাহের করা টুইট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাততালির ইমোজি সহযোগে শেয়ার করেছেন অনুষ্কা শর্মা।
বলিউডের চিত্র পরিচালক ওনির এই বিষয়ের খবরের একটি লিঙ্ক শেয়ার করেছেন টুইটারে। ভারতীয় ছবির ক্ষেত্রেও এই নিয়ম চালু করার জন্য সকলকে আর্জি জানিয়েছেন তিনি। 'আশা করা যায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি এ থেকে শিখবে,' লিখেছেন তিনি।
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল বাংলাদেশে এশিয়া কাপ ম্যাচে ৮ উইকেটে হারিয়ে দেয় প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে। শুধু তাই নয়, এই বছরের শুরুতে বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ক্রিকেটে দেশকে প্রথম রুপোর পদক এনে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল।
২০২২ সালে মুক্তি পেয়েছে তাপসী অভিনীত 'সাবাস মিতু।' এই ছবিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাপসীকে। অন্যদিকে বর্তমানে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য শুটিং করছেন অনুষ্কা শর্মা।
ভারতীয় ক্রিকেটে পুরুষ-মহিলারা একই ম্যাচ ফি পাবেন! ভাইফোঁটায় বড় ঘোষণা বোর্ডের