
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 1 December 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: সুজিত সরকার তাঁর খুব কাছের বন্ধু অর্জুন সেনের জীবনী নিয়ে তৈরি করেছেন আই ওয়ান্ট টু টক। এই ছবি দর্শকদের মন জয় করেছে প্রথম দিন থেকে। জীবনের সেরা অভিনয় করেছেন অভিষেক বচ্চন। ছবি নিয়ে হইহইয়ের মাঝেই মেয়েকে নিয়ে টুক করে আই ওয়ান্ট টু টক দেখে এলেন অনুরাগ কাশ্যপ। সুজিত সরকারকে নিয়ে শেয়ার করলেন একাধিক কথা।
আলিয়া কাশ্যপের আর কিছুদিনের মধ্যেই বিয়ে। ব্যাচেলর আলিয়াকে নিয়ে শেষবারের মতো সিনেমা দেখলেন বাবা অনুরাগ কাশ্যপ। ছবি দেখে এসে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন। তাঁর নিপুন লেখায় একে একে উঠে এলেন সুজিত সরকার, অভিষেক বচ্চন-সহ সিনেমার বাকী কলাকুশলীরা। নিজেও ছবি দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন, বললেন পরিচালক।
অর্জুন সেন (অভিষেক বচ্চন) একজন মার্কেটিং বিশেষজ্ঞ। বিশ্ব বিপণন জগতে বেশ পরিচিত একটি নাম। অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং চলাকালীন অর্জুন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তাঁর গলায় ক্যানসার হয়েছে। স্ত্রীর সঙ্গে অনেক দিন আগেই বিচ্ছেদ হওয়ায় অর্জুনের কাছের মানুষ বলতে তাঁর মেয়ে রেয়া (আহিল্যা বামরো)। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন হাতে রয়েছে মাত্র ১০০ দিন। এই চরিত্রের জন্ম যে ইরফান কানের জীবন, সেটা আগেই বলেছেন সুজিত। সেই চরিত্রে অভিষেক বচ্চনকে দেখে স্পেল বাউন্ড অনুরাগ কাশ্যপ।
আবেগতাড়িত হয়ে লিখলেন, 'আমার মেয়ের আর কয়েকদিনের মধ্যে বিয়ে। তার আগে এটা ছিল আমাদের শেষ মুডি ডেট। আমি ভাবলাম ওকে সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক দেখাই। এই সিনেমা আসলে আত্মার শুদ্ধিকরণে কাজ করেছে। মেয়ের সঙ্গে এই সিনেমা দেখে আমিও হেসেছি, কেঁদেছি।'
অর্জুন সেনের চরিত্র নিয়ে অনুরাগ বলেন, 'অর্জুন সেনের মতো আমাদের সকলের জীবনে একটা ম্যারাথন চলে। যা নির্মাতা ক্যামেরায় ধরতে পেরেছেন। অভিষেক বচ্চনের জীবনের সবচেয়ে সেরা অভিনয়ের দেখা পাওয়া গেছে। রেয়া অর্থাৎ আহিল্যা বামরো ও বাচ্চা মেয়েটি (নাম উল্লেখ করতে পারেননি পরিচালক) এই সিনেমার পাওয়ার হাউস।'
সিনেমা দেখে কেমন লাগছে তা পোস্টে অবশ্য লিখতে পারলেন না পরিচালক। তাঁর কথায়, 'আমি এখনও হজম করার চেষ্টা করছি সিনেমায় ঠিক যা যা দেখেছি। আর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।'
সকলের উদ্দেশে তাঁর বার্তা, 'নিজের জন্য এই সিনেমা অন্তত একবার দেখে আসুন। যদি কিছু না হয়, তাও আপনি দেখবেন এই সিনেমা চলাকালীন আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন। নিজের সঙ্গে কথা বলতে পারছেন।'
একই ইন্ডাস্ট্রির লোক কাজের প্রশংসা করছেন, আজ বিরল প্রায়। কিন্তু এখানে সুজিত সরকারের প্রশংসায় খামতি রাখেননি পরিচালক। শেষে উল্লেখ করলেন, 'সুজিত, তুমি স্পেশাল। তুমি সেটা জানো।'