
অনুরাগ কাশ্যপ (ছবি-গুগল)
শেষ আপডেট: 22 April 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া বিতর্কে ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই নিয়ে থানায় এফআইআর দায়ের হয়েছে। এমনকি, তাঁর মেয়েকেও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। প্রাথমিক ভাবে তিনি ভুল স্বীকার করলেও, এই নিয়ে বিতর্ক থামেনি। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে শেষমেশ তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক বার্তায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন (Anurag Kashyap pens a long apology to Brahmins)।
কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে লেখেন, ‘আমি রাগের বশে একজনকে উত্তর দিতে গিয়ে নিজের সীমা ভুলে গিয়েছিলাম। আর সেই রাগে আমি গোটা ব্রাহ্মণ সমাজকে আঘাত করে ফেলি। সে সমাজের বহু মানুষ আমার জীবনে ছিলেন, এখনও আছেন এবং তাঁরা বিভিন্নভাবে অবদান রাখেন। আজ তাঁরা সকলেই আমার কথায় কষ্ট পেয়েছেন। আমার পরিবার কষ্ট পেয়েছে। এমন অনেক বুদ্ধিজীবী যাঁদের আমি শ্রদ্ধা করি, তাঁরাও আমার ওই রাগী বক্তব্যে আহত হয়েছেন।’
मैं गुस्से में किसी को एक जवाब देने में अपनी मर्यादा भूल गया। और पूरे ब्राह्मण समाज को बुरा बोल डाला। वो समाज जिसके तमाम लोग मेरी जिंदगी में रहे हैं, आज भी हैं और बहुत कॉन्ट्रीब्यूट करते हैं। आज वो सब मुझसे आहत हैं। मेरा परिवार मुझसे आहत है। बहुत सारे बुद्धिजीवी, जिनकी मैं इज्जत…
— Anurag Kashyap (@anuragkashyap72) April 22, 2025
তিনি আরও লেখেন, ‘আমি এমন একটি মন্তব্য করে নিজের বক্তব্যের মূল বিষয় থেকেও সরে গিয়েছিলাম। আমি সেই সমাজের কাছে, আমার পরিবার, বন্ধু, সহকর্মী— সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সেই ভাষা ও ভঙ্গিমার জন্য আমি দুঃখিত, যা ব্যবহার করা উচিত হয়নি।’
সেন্সর বোর্ডের 'আপত্তি'র কারণে পিছিয়ে যায় প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত 'ফুলে'। গত ১১ এপ্রিল এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। অনন্ত মহাদেবান পরিচালিত এই সিনেমায় জ্যোতিরাও এবং সাবিত্রী বাই ফুলের জীবনী তুলে ধরা হয়েছে ছবিতে। পাশাপাশি দেখানো হয়েছে বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দম্পতির লড়াই। এই কারণে ব্রাহ্মণ সমাজের রোষের মুখে পড়েছে 'ফুলে'।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনুরাগ (Anurag Kashyap)। নেটিজেনদের তরফে বিভিন্ন প্রতিক্রিয়া আসে। তাঁদের একজনের কমেন্টে পরিচালক লেখেন, ''ব্রাহ্মণদের উপর আমি মূত্রত্যাগ করব।...?' তাঁর এই মন্তব্যকে ঘিরেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।
এরপরও বিতর্ক থামেনি। অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) মন্তব্যের কারণে ক্ষুব্ধ ব্রাহ্মণী সেনা। পরিচালকের মুখে কালি ছেটাতে পারলে ১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন তাঁরা। জয়পুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল।