
ফাইল চিত্র
শেষ আপডেট: 2 May 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের একটি বয়ান সম্প্রতি ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তিনি জানান, হাঁটুর চোট সারাতে নিজের প্রস্রাব পান করেছিলেন! শুনেই চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। কিন্তু এখানেই থেমে নেই গল্প। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী অনু আগরওয়াল। বললেন, “হ্যাঁ, ঠিকই করেছেন পরেশ! প্রস্রাব তো আসলে অমৃত!”
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অনু। ইনস্ট্যান্ট বলিউডের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। সেখানে অনু জানালেন, এই প্রস্রাব পান আসলে ভুল কাজ নয়—বরং তা ‘অমৃত’, যোগশাস্ত্রের একটি প্রাচীন অভ্যাসও।
View this post on Instagram
নায়িকা আরও বলেন, "অনেকেই জানেন না বা জানলেও মানতে চান না, নিজের মূত্র একটা গুরুত্বপূর্ণ যোগমুদ্রা। তবে পুরোটা পান করতে হয় না—প্রস্রাবের নির্দিষ্ট প্রথম অংশটাই গ্রহণযোগ্য। সেটাই ‘অমৃত’, যা বার্ধক্য রোধ করে, ত্বক ভালো রাখে—আমি নিজেও উপকৃত হয়েছি।" বিজ্ঞান এই দাবির পক্ষে কী বলে? অনুকে সেই প্রশ্নও করা হয়। জবাবে তিনি বলেন, “বিজ্ঞান তো মাত্র ২০০ বছরের পুরনো। যোগের ইতিহাস ১০,০০০ বছরের! তাহলে কার কথা শুনবেন?”
কিন্তু ঠিক কী বলেছিলেন পরেশ রাওয়াল?
‘The Lallantop’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে পরেশ বলেন, নানাবাতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে দেখতে এসেছিলেন পরিচালক ভীরু দেবগণ। তিনি পরেশকে পরামর্শ দেন—“সকালে প্রথম কাজ হিসেবে নিজের প্রস্রাব পান করো। আর মদ খাওয়া বন্ধ করো।”
পরেশ সেই পরামর্শ অক্ষরে অক্ষরে মানেন। বলেন, “আমি তো ভাবলাম, একবারে খেয়ে ফেলব না—বিয়ারের মতো ঢোক ঢোক করে খাব। ঠিকমতোই তো করতে হবে!” হাসতে হাসতে যোগ করেন, “১৫ দিন পর ডাক্তার আমার এক্স-রে করে অবাক! বললেন, এই সিমেন্টিং কীভাবে হল?” তাঁর দাবি, যেখানে চিকিৎসক বলেছিলেন দুই থেকে আড়াই মাসে সেরে উঠবেন, তিনি দেড় মাসেই সুস্থ হয়ে যান। "এটাই এই অভ্যাসের ম্যাজিক," বলেন তিনি।
তবে এই ম্যাজিক সবাই মানছেন না। সোশ্যাল মিডিয়ায় ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত চিকিৎসক সাইরাক অ্যাবি ফিলিপস লিখেছেন, “দয়া করে নিজের প্রস্রাব পান করবেন না। এ ধরনের কাজে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।”সত্যিই, একদিকে প্রাচীন যোগশাস্ত্রের ব্যাখ্যা, অন্যদিকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিরোধিতা—এই বিতর্কের মাঝখানে পড়ে দর্শক-জনতা হয়তো শুধু ভাবছে, "সকালে উঠে জল খাব, নাকি...?"