মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অভিনয় করবেন ‘জগদ্ধাত্রী’-খ্যাত অঙ্কিতা মল্লিক। রানা সরকারের প্রযোজনায় ও সোহিনী ভৌমিকের পরিচালনায় আসছে ছবি ‘গুনগুন করে মহুয়া’। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ অঙ্কিতার। কী বললেন অভিনেত্রী?

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 24 September 2025 11:27
বড় পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। রানা সরকারের প্রযোজনায় সোহিনী ভৌমিকের পরিচালনায় আসছে এই ছবি। নাম নাম ‘গুনগুন করে মহুয়া’। অনেকদিন ধরেই টলিপাড়ায় জল্পনা ছিল এই চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন। কখনও শোনা গিয়েছে সৌমিতৃষা কুণ্ডু, কৌশানী মুখোপাধ্যায়। অবশেষে দ্য ওয়াল জানাচ্ছে, মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অভিনয় করবেন জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'র মুখ্য চরিত্র অঙ্কিতা মল্লিক।
এই ছবির মাধ্যমে অঙ্কিতা মল্লিক বড় পর্দায় পা রাখতে চলেছেন। এই প্রসঙ্গে দ্য ওয়ালকে অভিনেত্রী জানান, 'মহুয়া রায়চৌধুরীর মতো একজন লেজেন্ড, তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। এমন চরিত্রে অভিনয় করব ভাবলেই কেমন নার্ভাস লাগছে। যদিও আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। দু'দিন আগেই সবটা ঠিক হয়েছে। আমি এই প্রথমবার বড় পর্দায় কাজ করব। অনেক অনেক ধন্যবাদ প্রযোজক রানা সরকার ও পরিচালক সোহিনী ভৌমিককে।'
বাংলা সিনেমার ইতিহাসে মহুয়া রায়চৌধুরী এক অনন্য নাম। মাত্র ২৬ বছরের ছোট্ট জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় ৮০টি ছবিতে। বাণিজ্যিক ধারার ছবি থেকে শুরু করে সমান্তরাল সিনেমা— দুই ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন তিনি। সমালোচক কিংবা দর্শক, সকলে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তবুও, বাংলা বিনোদন দুনিয়ার আলোচনায় যেন তিনি থেকেও নেই, অনেকটা অবহেলিত ‘দুয়োরানি’র মতো।
আজকের প্রজন্ম তো বটেই, এমনকি আগের প্রজন্মেরও অনেকে হয়তো মনে করতে পারেন না তাঁর জন্মদিন বা জন্মমাস। এমনকি মৃত্যুদিন, ২২ জুলাইতেও প্রায় কেউই তাঁর নাম উচ্চারণ করেন না। অথচ তপন সিংহ, তরুণ মজুমদারের মতো পরিচালকরা তাঁকে স্নেহ করতেন, তাঁর প্রতিভার মূল্য দিতেন।
কেন তবে এই বিস্মৃতির আড়ালে চলে গেলেন মহুয়া? তাঁর বিতর্কিত ব্যক্তিজীবন এবং অকালমৃত্যুর রহস্যই কি তাঁকে প্রজন্মান্তরে আড়াল করে দিয়েছে? এই প্রশ্ন নিয়েই বড়পর্দায় আসতে চলেছেন প্রযোজক রানা সরকার। মহুয়ার আলো-আঁধারি ভরা জীবনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাঁর উদ্দেশ্য।