
অঞ্জন দত্ত
শেষ আপডেট: 4 May 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় পোস্টারে ছয়লাপ। অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী আর অঞ্জনা বসু, তিনজনের ছবিতে। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' ছবিতে অভিনয় করেছেন এই ৩ অভিনেতা। দুই বর্ষীয়ান অভিনেতা অঞ্জন ও মিঠুনের মাঝে অঞ্জনা অনেকখানি জুনিয়র। তাই অঞ্জনা নিজেই বিবিধ সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর কাছে এমন দুই বলিষ্ঠ অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ বড় আশীর্বাদ। অঞ্জন দত্ত (Anjan Dutt) সম্প্রতি অকপটে জানালেন ৭১ বছরে এসে তিনি প্রথম মেনস্ট্রিম ছবিতে কাজ করলেন। যে ইতিহাস ঘটালেন নবীন পরিচালক পথিকৃৎ বসু। অঞ্জন তাঁর ফেসবুক পোস্টে লিখলেন ৭১ বছরে এসে প্রথম বাণিজ্যিক ছবি করার কারণ।

অঞ্জন দত্ত বললেন ' শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার জীবনের একটি অন্যতম ঘটনা। আমি এ যাবৎ কোনও তথাকথিত বাণিজ্যিক বা mainstream সিনেমায় পার্ট করিনি। ৪৫ বছর ধরে সিনেমায় মাত্র ২৭টা ছবিতে পার্ট করেছি। নিজের সিনেমাগুলো ধরে। আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা তারকা হওয়া সম্ভব নয়। আমি অভিনেতা। হাতে গোনা, ৫ জন নির্দেশকদের সঙ্গে কাজ করেছি প্রায় ২৫ বছর। তারপর আমার পরের প্রজন্মের নির্দেশকদের কয়েকজনের সঙ্গে। হঠাৎ, ৭১ বছরে এসে আমি একটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমায় কাজ করলাম কারণ মনে হল জীবনে একটা অভিজ্ঞতা অপূর্ণ থেকে যাবে।'
অঞ্জন দত্ত ছিলেন মৃণাল সেনের আবিষ্কার। ১৯৮১ সালে 'চালচিত্র' ছবির হাত ধরে অঞ্জনের অভিষেক হয় টলিউডে। প্রথম সিনেমায় আসার যে কাহিনি অঞ্জন নিজের পরিচালিত 'চালচিত্র এখন' (২০২৪) ছবিতে তুলে ধরেছেন। মৃণাল সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, অশোক বিশ্বনাথন, সৃজিত মুখোপাধ্যায়ের মতো অন্যধারার পরিচালকদের ছবিতেই জীবনের ৭০টি বসন্ত অবধি অভিনয় করে গেছেন অঞ্জন দত্ত। খুব সচেতন ভাবেই, বাণিজ্যিক ছবির ঘরানা থেকে দূরে থেকেছেন অভিনেতা। মেনস্ট্রিম ডিরেক্টররা অঞ্জনের ভরসার জায়গা হয়ে উঠতে পারেননি। পাশাপাশি পরিচালক ও গায়ক রূপেও অঞ্জন দত্ত অদ্বিতীয়। নিজের পরিচালিত বেশিরভাগ ছবিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন।
তবে এখন বাংলা ছবির ঘরানা বদলেছে। আর্ট ছবি আর কমার্শিয়াল ছবির মাঝের দেওয়ালটা মুছে গেছে। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'কে বাণিজ্যিক ছবি বলেই ধরছেন অঞ্জন। কেন আর্ট ঘরানার অভিনেতা কমার্শিয়াল ছবিতে কাজ করলেন? নিজের এতদিনের প্রতিজ্ঞা ভেঙে?

অঞ্জন বলছেন 'মিঠুন চক্রবর্তী আছে সেটা একটা কারণ। দায়িত্ব, পথিকৃৎ বসুর। খুবই অল্প বয়সের নির্দেশক বেশ মজার বুড়োদের একটা রোম্যান্টিক কমেডি বানাতে চেয়েছিল। ছবিটা দেখলাম। আপনাদের অনেকের খারাপ লাগবে না বলে আমার ধারণা। এটা বড় পর্দায় দেখার সিনেমা।'
মিঠুনও কিন্তু মৃণাল সেনের আবিষ্কার। দুই মৃণাল পুত্র এবার এক ছবি 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'তে।
ছবিটি প্রযোজনা করেছে কাহাক স্টুডিওজ। গত বৃহস্পতিবার, ১ মে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছে। চলছে কলকাতার নানা প্রেক্ষাগৃহে।