
শেষ আপডেট: 16 October 2023 16:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জগতে ইদানীং কান পাতলেই একটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে, 'আর কতবার ব্যোমকেশ হবে?' কথাটা সম্ভবত কানে গিয়েছিল ব্যোমকেশ চরিত্রে দীর্ঘদিন অভিনয় করা অনির্বাণ ভট্টাচার্যর কানেও। ঠিক সেই কারণেই হয়তো হইচই-এর নতুন সিরিজ ব্যোমকেশ ও দুর্গরহস্য মুক্তির ঠিক আগেই আচমকা বড় ঘোষণা করলেন অভিনেতা। জানিয়ে দিলেন 'দুর্গরহস্য'ই হতে চলেছে ব্যোমকেশ চরিত্রে তাঁর শেষ অভিনয়।
সোমবার দুপুরে ইনস্টাগ্রামে একটি রিলস মুক্তি পায় অনির্বাণ ভট্টাচার্য এবং হইচই-এর পেজ থেকে। প্রায় দশ মিনিটের এই রিলসে একেবারে নাটকীয় ভাবে অনির্বাণ জানিয়ে দিলেন আর ব্যোমকেশ করবেন না তিনি। রিলস দেখে মনে হতে পারে যেন কোনও নাটকের শেষ দৃশ্যে কার্টেন কল চলছে। সাম্প্রতিক কালে তো বটেই, অতীতেও বাংলা ছবি বা সিরিজের ক্ষেত্রে শেষবার কোন অভিনেতা এমন ভাবে কোন চরিত্র থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তা মনে করা কঠিন।
সাড়ে নয় মিনিটের এই ভিডিওতে অনির্বাণ ধন্যবাদ জানিয়েছেন ব্যোমকেশের প্রতিটি সিজনের পরিচালক, চিত্রনাট্যকার ও সহঅভিনেতাদের। তবে অনির্বাণ ব্যোমকেশের আসন ছাড়লেও যে বাংলা ছবিতে এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না ব্যোমকেশের জার্নি তাও স্পষ্ট করলেন অভিনেতা।
অনির্বাণের এহেন বিদায় ঘোষণায় হতবাক অনেকেই। প্রসঙ্গত, কিছু দিন আগেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বারবার ব্যোমকেশ দেখতে দেখতে তিনি ক্লান্ত। তাঁর এই কথাটা যেন ইদানীং কালে অনেকেরই মনের কথা হয়ে উঠেছে। এমনকী একই গল্পের উপর তৈরি হওয়া দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' মুক্তির আগেও তৈরি হয়েছিল বিতর্ক। সম্প্রতি দেবের প্রযোজনায় তৈরি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' মুক্তির আগে নেটমাধ্যমে তুলনা শুরু হয়েছিল দেব এবং অনির্বাণের। ব্যোমকেশ বিতর্কে নিজেকে আর জড়াতে চান না বলেই কি অনির্বাণের এই সিদ্ধান্ত? সে প্রশ্নের জবাব হয়তো সময় দেবে। আপাতত অনির্বাণের এই প্রস্থান যেন অনেককে মনে করাচ্ছে নচিকেতার সেই গানের লাইন, 'রাজার মুকুট রাজার সাজ/ অন্য কেউ তা পরবে আজ'।