
অনসূয়া সেনগুপ্ত
শেষ আপডেট: 25 May 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: কানের রেড কার্পেটে বাঙালির জয়জয়কার। বাঙালির তথা ভারতীয়দের প্রাপ্তির মুকুটে নতুন পালক জুড়ে দিলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। বিশ্বের মঞ্চে জিতে নিলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। শুধু বাঙালি বলে নয়, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবেও অনসূয়ার দখলে সেরার শিরোপা এল। জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনুসূয়া। ‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই তাঁর ঝুলিতে এসেছে এই সম্মান।
কলকাতার মেয়ে অনসূয়ার বাড়ি দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বেশ অনেক বছর আগে কলকাতাতেই অনসূয়ার কর্মজীবন শুরু হয়। অঞ্জন দত্তের বাংলা ছবি ‘ম্যাডলি বাঙালি’-তে তানিয়ার চরিত্রে অনসূয়াকে দেখা গেছিল। সোশ্যাল মিডিয়ায় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কার পাওয়ার মুহূর্ত অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন।
বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে এক জন যৌনকর্মীর কথা উঠে এসেছে । তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালিয়ে যান। রেণুকা নামের সেই মেয়েটির চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া। আর মাত্র চারদিনে শ্যুট করা এই ছবিই অনসূয়াকে এনে দিল বিশ্বসেরার পুরস্কার।
অভিনয়ের পাশাপাশি অনসূয়া হাত পাকিয়েছেন মুম্বইয়ের সিনেমার প্রোডাকশন ডিজাইনার হিসেবেও। বর্তমানে গোয়ায় থাকেন আভিনেত্রী। নেটফ্লিক্সের ২০২১ সালের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন অনসূয়া। এদিন তাঁর সঙ্গে জুরি পুরস্কার পেয়েছেন বরিস লজকিনের ‘দ্য স্টোরি অব সুলেমান’। সবকিছুর মধ্যে একেবারে কানে পৌঁছে যাওয়া অনসূয়ার কাছেও অবিশ্বাস্যই ঠেকছে। যা আগে কখনও হয়নি, সেই অসাধ্য সাধনটিই করে ফেলেছেন বঙ্গতনয়া।
অন্যদিকে, আরও এক ভারতীয় পায়েল কাপাডিয়ার পরিচালনায় 'অল উই ইমাজিন অ্যাস লাইট' নামে আরও একটি সিনেমা চলাকালীন গোটা হল দাঁড়িয়ে ১০ মিনিট ধরে অভিবাদন জানায়। সেই ছবিও পুরস্কার জিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে।