
অনসূয়া সেনগুপ্ত
শেষ আপডেট: 9 December 2024 18:23
রবিবাসরীয় দুপুর। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) প্রদর্শিত হল বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবি। ‘দ্য শেমলেস’ সেই ছবি যেটি চলতি বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)।
‘দ্য শেমলেস’ (the shamelss) গল্প এগোয় দেবিকা এবং রেনুকার হাত ধরে। রেণুকা দিল্লির এক পতিতালয় থেকে পুলিশ অফিসারকে হত্যা করে পালিায়। সে একটি যৌনকর্মী সম্প্রদায়ের কাছে আশ্রয় নেওয়ার পরে ১৭ বছর বয়সী যৌনকর্মী দেবিকার সঙ্গে শুরু হয় তার প্রেম অধ্যায়। ছবিটির উপস্থাপনা পর্ব শেষ হলে নন্দন ১-এর ঠিক সামনে ছবির অন্যতম অভিনেত্রী অনসূয়া সেনগুপ্তকে পাওয়া গেল।
প্রশ্ন ছিল, ঠিক যেমন এই ছবির নাম, ‘দ্য শেমলেস’, এই সময়ে দাঁড়িয়ে একজন সাধারণ মহিলা ঠিক কতটা নির্লজ্জভাবে, ভয়ডরহীনভাবে নিজের কথা সমাজের কাছে বলতে পারে? ‘শেম শব্দের ঠিক বিপরীত শব্দ, যদি আমার কাছে জানতে চাওয়া হয়, তাহলে তা ‘স্বাধীনতা’। ফ্রিডম। ‘শেম’ অর্থাৎ ‘নির্লজ্জতা’ এর একপাক্ষিক ধারণা বহু যুগ ধরে চলে আসছে। বিশেষত, এই ‘শেম’ শব্দটি ব্যবহার করে সমাজে মহিলাদের নিয়ন্ত্রণ করার একটি উপায়ও হয়ে গিয়েছে। আর এটা একেবারেই মহিলাদের সঙ্গে জুড়ে থাকা শব্দ। পুরুষদের সঙ্গে নয়। আমি বিশ্বাস করি, একবার যদি এই লজ্জার বেড়াজাল একবার ছিঁড়ে বেরোনো যায়, তাহলেই মিলবে স্বাধীনতা, তাই আমি বলব, এগোয় এবং নির্লজ্জ হও।’ বললেন অনসূয়া।
'দ্য শেমলেস’ আপাতত রয়েছে সেন্সরের অপেক্ষায়। সব ঠিক থাকলে নতুন বছরে ভারতে মুক্তি পাবে এই ছবি। সিনেমাক্রিটিকদের মত অনুযায়ী, সব ঠিক থাকাটা সহজ নয়। কারণ একাধিক দৃশ্যে রয়েছে যৌনতা। ‘একটি গোটা ছবির সবটুকু সবাই উপভোগ করেছে, এমন তা হয় না। আমাদের ছবির ক্ষেত্রেও অনেকটা তাই। শুধু ছবির কথা বলছি কেন? মিউজিক, আর্টের সবেতেই তো এক। শেমলেস থেকেও দর্শকের কিছু না কিছু ‘টেক অ্যাওয়ে’ থাকবে,’ বললেন অভিনেত্রী।
‘দ্য শেমলেস’-এর জার্নি প্রসঙ্গে অনসূয়া বললেন, ‘একটি সৎ উদ্দেশ্য নিয়ে এই ছবিতে আমরা প্রত্যেকে কাজ করেছি। আমাদের সেই উদ্দেশ্যে ছিল ভালবাসা। তা দিয়েই আমরা গল্প বলতে চেয়েছি। এটাই আমার কাছে আর্টিস্টিক স্যাটিসফ্যাকশন। বাদ বাকি, এত ফেস্টিভ্যাল, দর্শকদের ভাল লাগছে, সবটাই বোনাস!’
‘দ্য শেমলেস’ থেকে দর্শকদের ‘টেক অ্যাওয়ে’ নিয়ে বললেন অনসূয়া, কিন্তু নিজে কী পেলেন ছবিটি থেকে?
‘মুক্তির স্বাদ! রেনুকা হয়েই সেই মুক্তির স্বাদ আমি পেয়েছি, এটা আমার কাছে থেকে যাবে!’