
শেষ আপডেট: 22 January 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার দুপুরে অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় পৌঁছলেন বিগ বি অমিতাভ বচ্চন, রণবীর থেকে ক্যাটরিনা-সহ একঝাঁক সেলিব্রিটি।
সোমবার সকালে অযোধ্যার উদ্দেশে রওনা হন তাঁরা। সাড়ে ৯টা নাগাদ অযোধ্যার নবনির্মিত এয়ারপোর্টে নামেন অমিতাভ সহ একাধিক বলিউড তারকা। এই মুহূর্তে মন্দির নগরী অয়োধ্যায় চরম ব্যস্ততা প্রশাসনের অন্দরে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এদিন সকালে অমিতাভ সহ একাধিক বলিউড তারকা অযোধ্যায় রওনা দেওয়ার উদ্দেশে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিংবদন্তি অভিনেতা অমিতাভের সঙ্গে অযোধ্যায় এসেছেন তাঁর ছেলে অভিষেক বচ্চনও। একই গাড়িতে বাবা-ছেলেকে বিমানবন্দর থেকে বেরতে দেখা যায়।
রণবীর কাপুর, আলিয়া ভাট এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠিও বিমানবন্দরে পৌঁছেছেন। আলিয়ার পরণে নীল সিল্কের শাড়ি।
সোমবার রাম মন্দিরের মেগা সেলিব্রেশনে অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। 'টাইগার ৩' অভিনেত্রীকে সোনালি সিল্কের শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে। সঙ্গী স্বামীর পরণে হাতির দাঁতের মতো সাদা ধবধবে কুর্তা পায়জামা।
কালিনা বিমানবন্দরে সংবাদ সংস্থার ক্যামেরায় ধরা পড়লেন অভিনেতা জ্যাকি শ্রফও। অনুগামীদের হাত নেড়ে অভিনন্দন জানিয়ে তিনিও চললেন অযোধ্যার পথে। অভিনেতার হাতে দেখা গেল একটি চারা গাছও।
যাকে বলে একেবারে চাঁদের হাট। অযোধ্যায় রাম মন্দিরের 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই থেকে অযোধ্যার উদ্দেশে পাড়ি দিলেন
মাধুরী দীক্ষিতও। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর স্বামী ডক্টর শ্রীরাম নেনে। মাধুরীরাও এই মুহূর্তে পৌঁছেছেন অযোধ্যায়।
এই তালিকায় রয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানিও। বেশ খোশ মেজাজেই ধরা দিলেন তিনি। রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যার দিকে যাওয়ার আগে বিমানবন্দরে ফটোগ্রাফারদের অনুরোধে ছবিও তুললেন।
সেলিব্রিটিদের অযোধ্যা যাত্রায় রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানাও। নেহেরু জ্যাকেটের সঙ্গে সাদা কুর্তা-পাজামায় বেশ সুদর্শন দেখাচ্ছে তাঁকে।
সবমিলিয়ে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে অযোধ্যা যেন সোমবার আক্ষরিক অর্থেই চাঁদের হাট।