.jpg)
অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 23 April 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে নারকীয় হত্যালীলায় হতবাক গোটা দেশ। সাধারণ থেকে তারকা-- ঘটনার নিন্দে করে একের পর এক পোস্ট করছেন সকলেই। শাহরুখ খান থেকে সলমন খান, বাংলার সৃজিত মুখোপাধ্যায় থেকে অঙ্কুশ হাজরা-- বাদ নেই কেউই। এ সবের মধ্যেই হঠাৎই নেটিজেনদের কাঠগড়ায় অমিতাভ বচ্চন। কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। কিন্তু কেন?
মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ। লেখেন একটি সংখ্যা-- ‘টি ৫৩৫৬'। সকলে অবাক হয়ে যান। সংখ্যার মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন অমিতাভ, প্রশ্ন তোলেন তাঁরা। অমিতাভ তাঁর টুইটের সংখ্যার হিসেব রাখেন। ধারণা করা হচ্ছে, কততম টুইট করেছেন সেই নম্বরটিই লিখে রেখেছেন তিনি। কিন্তু শুধুই নম্বর! পহেলগাম হামলা নিয়ে একটি বাক্যই খরচ করেননি অমিতাভ! এতেই অবাক হয়েছেন সকলে!
একজন লেখেন, "এরকমটা মোটেও আশা করিনি। খুব খারাপ লাগছে।" আর একজন লেখেন, "আপনি বলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা, আশা করেছিলাম এই নিয়ে হয়তো আপনি কিছু বলবেন, কিন্তু আপনি মুখ খুললেন না।" ঘটনার প্রায় একদিন পার হয়ে গেলেও নীরব অমিতাভ, ট্রোলিং যদিও পিছু ছাড়ছে না তাঁর।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, হামলাকারীর সংখ্যা ছিল পাঁচ-ছ'জন।