
অমিতাভ বচ্চন উৎপল দত্ত
শেষ আপডেট: 1 May 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: বাংলার প্রতি চিরকালের টান অমিতাভ বচ্চনের। তাঁর ঘরণীও বাঙালি। বাংলায় তাঁর শ্বশুরবাড়ি। তাই বাঙালি পরিচালকদের ছবিতে কাজ করতে সবসময়ই ভালবেসেছেন অমিতাভ। সে যুগের হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে এই সময়ের সুজিত সরকারের ছবিতে অবিস্মরণীয় অভিনয় করেছেন বিগ বি। সুজিত সরকার সম্প্রতি জানিয়েছেন যে তাঁর 'পিকু' (Piku) ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রধান চরিত্রটি প্রখ্যাত নট উৎপল দত্তকে ভেবে তিনি তৈরি করেছিলেন।
অনেকের কাছেই অজানা আরও একটি বিষয়, উৎপল দত্তর প্রথম বলিউড ছবি অমিতাভ বচ্চনের সঙ্গেই। উৎপলের প্রথম হিন্দি ছবি কিন্তু 'গুড্ডি' নয়। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া 'সাত হিন্দুস্তানি' তাঁর প্রথম ছবি! এই ছবি ছিল অমিতাভেরও প্রথম ছবি। 'সাত হিন্দুস্তানি'তে উৎপল দত্তকে দেখা গিয়েছিল পাঞ্জাবি শিখ সেনা কর্মীর চরিত্রে। আর অমিতাভ ছিলেন অস্পৃশ্য রহস্যজনক এক ব্যক্তি।

'পিকু' ছবিতে অমিতাভ বচ্চন অভিনীত ভাস্কর ব্যানার্জী চরিত্রটি সব স্তরের দর্শকের ভীষণ পছন্দের। বিপত্নীক ভাস্কর বাবু আর তাঁর কন্যা দিল্লী থেকে কলকাতা রোড ট্রিপে বেরিয়েছিলেন। ইরফান খান, ড্রাইভার রাণা চৌধুরীর চরিত্রে। যিনি এই পিতাপুত্রীকে গাড়ি চালিয়ে আনছেন। অমিতাভের সঙ্গে কন্যা পিকুর নামভূমিকায় অভিনয় করেন দীপিকা পাড়ুকোন।

সুজিত সরকার এক সাক্ষাৎকারে অকপটে বলেন ' বহু দর্শক আমায় বলেছেন 'পিকু' ছবিতে হৃষিকেশ মুখোপাধ্যায় ও বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনার ছোঁয়া আছে। যদিও আমি এই ছবির চিত্রনাট্য স্বতন্ত্র ভাবেই লিখেছিলাম। খুব সচেতন ভাবেই পূর্বসূরীদের পরিচালনার কোন উপাদান রাখিনি। ভাস্কর বন্দ্যোপাধ্যায় চরিত্রটি যদি কারুর অনুপ্রেরণায় করে থাকি তিনি উৎপল দত্ত। বাস্তব জীবনেও নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসতেন উৎপল দত্ত। সেই একই রকম মানসিকতা ভাস্কর ব্যানার্জী চরিত্রটির মধ্যে রেখেছি। উৎপল দত্তের মতো কমেডিও ছিল চরিত্রটিতে। '
প্রসঙ্গত উল্লেখ্য, উৎপল দত্ত ও অমিতাভ দুজনেই হৃষিকেশ মুখোপাধ্যায় ও বাসু চট্টোপাধ্যায়ের একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন।
দেখতে দেখতে ভাস্কর ব্যানার্জী চরিত্রটির ১০ বছর হতে চলল। ১০ বছর পূর্ণ হলে সুজিত সরকার পরিকল্পনা করেছেন 'পিকু' ছবি রিরিলিজ করার।