
শেষ আপডেট: 10 April 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থতার কারণে শ্যুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে সামাজিক মাধ্যমে ব্লগ লেখা থামাননি। প্রায়দিনই কোনও না কোনও বিষয়ে ব্লগ (blog) লিখে থাকেন বলিউডের শাহেনশাহ। সোমবার তাঁর আলোচনার প্রসঙ্গ ছিল ধূমপান এবং মদ্যপান। সেখানেই নিজের পুরনো দিনের গল্প শুনিয়ে অনুরাগীদের নেশা ছাড়তে উদ্বুদ্ধ করলেন তিনি।
অমিতাভ বচ্চন নিজেও একটা সময় ব্যাপকহারে ধূমপান করতেন, একথা কমবেশি সকলেরই জানা। এর পাশাপাশি মদ্যপানেও ভালই আসক্ত ছিলেন। তবে কেরিয়ারে যত এগোতে থাকেন, তত ধীরে ধীরে নিজেই উপলব্ধি করতে শুরু করেন যে, এইভাবে বেশিদিন সুস্থ থাকা সম্ভব না। তারপরই অভিনেতা সিদ্ধান্ত নেন যে, নেশা থেকে সরে আসবেন।
কীভাবে শুরু হয়েছিল এই নেশা? সে প্রসঙ্গে অমিতাভ জানান, সিগারেট অনেক আগে থেকেই তিনি খেতেন। তবে যুবক বয়সে যখন সিটি অফ জয় অর্থাৎ কলকাতায় (Kolkata) কাজ করতে আসেন, সেইসময়েই মদ্যপান শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই নেশা বাড়তে থাকে। সেখান থেকেই একসময় বলিউডে জায়গা করে নেন এলাহাবাদের এই যুবক। তবে তখনও এই মদের নেশা ছেড়ে যায়নি।
কেরিয়ারের শুরুতে পরপর ফ্লপের ধাক্কা কাটিয়ে 'জঞ্জির' ছবির মাধ্যমে শেষে সাফল্যের মুখ দেখেন অমিতাভ বচ্চন। এরপর একে একে 'দিওয়ার', 'কভি কভি', 'শোলে', 'মুকদ্দর কা সিকন্দর'-এর মতো অজস্র সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তরতরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। এমন সময়েই আত্মদর্শন হয় অভিনেতার। বুঝতে পারেন, এই নেশা তাঁর কেরিয়ার ও শরীরে বড় প্রভাব ফেলতে পারে। তারপর মাত্র একদিনেই ছেড়ে ফেলেন ধূমপান ও মদ্যপান।
ঐশ্বর্যার মেয়ের সঙ্গে মুখোমুখি রেখা! বিরল এই ফ্রেমে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা