
কৃষ্ণ সেলুকর ও অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 29 August 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: কৌন বনেগা ক্রোরপতি সিজন ১৬ অনুষ্ঠানে এক প্রতিযোগী অবিবাহিত মহিলাদের 'বোঝা' হিসেবে মন্তব্য করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে থামিয়ে শুধরে দিলেন অমিতাভ বচ্চন। বললেন, 'মহিলারা আমাদের গর্ব'।
কৃষ্ণ সেলুকর নামে ওই প্রতিযোগী অনুষ্ঠান চলাকালীন বলছিলেন, ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকা সত্ত্বেও কোভিডে চাকরি হারান তিনি। বোঝচ্ছিলেন কতটা খারাপ পরিস্থিতি সামলাতে হয়েছিল তাঁকে সেই সময়। আর এই ব্যাখ্যা দিতে গিয়েই উদাহরণ টেনে বলে বসেন, ‘আমি যদি বলি অবিবাহিত মহিলারা যেমন পরিবারের বোঝা, চাকরি হারানো পুরুষরাও তেমনই পরিবারের বোঝা হয়ে ওঠে'। সঙ্গে সঙ্গেই তাঁকে থামিয়ে দেন বিগবি। কৃষ্ণকে শুধরে অমিতাভ লেখেন, 'একটা কথা বলি আপনাকে। নারীরা কখনওই বোঝা হতে পারে না। নারীরা আমাদের গর্ব'।
বরাবর নারী-পুরুষকে সমান চোখে দেখে এসেছেন অমিতাভ বচ্চন। সোচ্চার হয়েছেন নারী নির্যাতনের বিরুদ্ধেও। তাঁর অভিনীত 'পিঙ্ক' সিনেমার সংলাপ থেকে এখন হামেশাই প্রতিবাদের আওয়াজে শোনা যায় 'নো মিনস নো'। এবার কেবিসিতে অবিবাহিত মহিলাদের প্রতি কৃষ্ণ সেলুকর মন্তব্য শুধরে দেওয়ায় প্রশংসা পাচ্ছেন বচ্চন।