
শেষ আপডেট: 1 April 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: সে অনেক বছর আগের কথা। সেসময় সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলিতে অভিনয়ের জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা থাকত না। ৪৫ বছর আগে এমনই একটি ছবিতে ৩০ ফুট উঁচু জায়গা থেকে লাফ দিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। চার দশক বাদে সেই স্মৃতিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
১৯৬৯ সালে 'সাত হিন্দুস্তানি' ছবির হাত ধরে অমিতাভ বচ্চনের অভিনয় জগতে প্রবেশ। দীর্ঘ কেরিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। চলচ্চিত্র থেকে রিয়্যালিটি শো-সবেতেই তিনি বিশেষ ছাপ রেখে গিয়েছেন। এই দীর্ঘ অভিনয় জীবনে তাঁর কিছু কিছু অভিজ্ঞতা যেমন রোমাঞ্চকর তেমনই বিপজ্জনক ! তেমনই একটি অভিজ্ঞতা জানা গেল বলিউডের মেগাস্টারের কাছ থেকে। ১৭৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মি. নটওয়ারলাল’ ছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক ভয়ংকর ঘটনা ঘটেছিল। অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই সেই ছবিতে ৩০ ফুট উঁচু থেকে লাফ দেন অমিতাভ। শ্যুটিংয়ের সেইসব কঠিন দিনগুলির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। সঙ্গে দিয়েছেন পুরনো ছবিও।
ইনস্টাগ্রামে সিনিয়র বচ্চন জানিয়েছেন, একটি অ্যাকশন দৃশ্যের জন্য ৩০ ফুট উচ্চতা থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা খুবই অদ্ভুত। সাদা-কালো ছবিতে অমিতাভ বচ্চনকে একটি পাহাড় থেকে লাফ দিতে দেখা গিয়েছে। তাঁর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই পুরনো ছবি দিয়ে বিগ বি এও জানিয়েছেন, তখনকার ছবিতে কীভাবে অ্যাকশন দৃশ্যগুলি শ্যুট করা হত।
অমিতাভ লিখেছেন, 'একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য ৩০-ফুট পাহাড় থেকে ঝাঁপ দিই। কোনও জুতো ছিল না পায়ে, কোনও অভিব্যক্তির বদল নেই, কোনও ভিএফএক্স নেই...। সামান্য ভুল হলে খুব বড় খেসারত দিতে হত।...সে যে কী দিন ছিল..’। সাতসকালে বিগ বি-র পোস্ট দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
View this post on Instagram
সম্প্রতি অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। যেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয় বলে রটে। এদিকে স্বয়ং অভিনেতা এমন সব খবর শুনে নিজেই তাজ্জব। মিডিয়ার মুখোমুখি হতেই সাফ জানিয়ে দেন, একেবারেই ভুল খবর। তবে অভিনেতা রুটিন চেকআপের জন্য মাঝেমধ্যেই হাসপাতালে যান। সেদিনও তেমনটাই গিয়েছিলেন। বর্তমানে শুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ভারতীয় সিনেমার লিভিং লেজেন্ডের ধারেকাছে যে আজও এযুগের অনেক অভিনেতাই ধোপে টিকতে পারেন না তা বলাই বাহুল্য!