
'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) সিজন ১৬
শেষ আপডেট: 8 February 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের শাহেনশাহ। 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) সিজন ১৬-এর সঞ্চালক। কথা হচ্ছে অমিতাভ বচ্চনের। সম্প্রতি বিগ বি এক প্রতিযোগীর জুতোর ফিতে বেঁধে অনুরাগীদের মন জয় করলেন। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন তাদের ইনস্টাগ্রামে এই হৃদয়ছোঁয়া মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল এই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, হটসিটে বসা এক খুদে প্রতিযোগী নিজের ফিতে বাঁধছিল। সেই সময় অমিতাভ কাছে গিয়ে বলেন, 'ফিতে খুলে গিয়েছে? আমি বেঁধে দিই?' মেয়েটি হাসতে হাসতে উত্তর দেয়, 'হ্যাঁ, চলবে।' অমিতাভ যখন ফিতে বাঁধতে এগিয়ে যান, তখন মেয়েটি ইচ্ছা করে নিজের বাঁধা ফিতে খুলে দেয়। অমিতাভ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, 'আরে, বাঁধা ছিল, আবার কেন খুললে?'
View this post on Instagram
মেয়েটি মিষ্টি হাসি দিয়ে অমিতাভের দিকে আঙুল তুলে দেখায়। এরপর অমিতাভ বলেন, 'আমি বেঁধে দিই?' ফিতে বাঁধার সময় তিনি বলেন, 'এর আগে থেকেই গণ্ডগোল ছিল।' ফিতে বেঁধে দেওয়ার পর মেয়েটি বলে, 'এবার আর খুলবে না!' অমিতাভ মজা করে উত্তর দেন, 'আমি তো উপর উপরই বেঁধে দিয়েছি!'
এই ভিডিও দেখে অনুরাগীরা আবেগে ভেসেছেন। এক জন মন্তব্য করেছেন, 'কী দারুণ সাহস বাচ্চাটির!' আরেক জন লিখেছেন, 'এই গুণের জন্যই আপনি সারা বিশ্বে জনপ্রিয়। ছোট-বড়ের ফারাক করেন না, সবার জন্যই সমান ভালবাসা দেখান। ঈশ্বর আপনাকে সুখী রাখুন।' কেউ আবার বলেছেন, 'কী সুন্দর মুহূর্ত! মেয়েটি সারা জীবন এই অভিজ্ঞতা মনে রাখবে।' কেবিসি ১৬ সম্প্রচারিত হয় প্রতি দিন রাত ৯টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে এবং স্ট্রিম করা যায় সোনিলিভ-এ।