
শেষ আপডেট: 2 March 2023 13:32
তাঁরা তিন যুগে তিন প্রজন্মই পরিচালক। তৃতীয় প্রজন্মের ছবিতে কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ঋভু দাশগুপ্তর (Ribhu Dasgupta) সফল পরিচালনায় আগেও কাজ করেছেন বিগ বি। এবার আবার ঋভুর পরিচালনায় তৃতীয় বারের জন্য কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন। কোর্টরুম ড্রামা নিয়ে ছবি করতে চলেছেন ঋভু। ছবির নাম 'সেকশন ৮৪'।

হরিসাধন দাশগুপ্ত, সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, অসিত সেন বিদগ্ধ পরিচালকরা যৌথভাবে প্রতিষ্ঠা করেন 'ক্যালকাটা ফিল্ম সোসাইটি'। ছবি নিয়ে আলোচনা সঙ্গে বিদেশি ছবি দেখার এক অপূর্ব মিলনতীর্থ। তথ্যচিত্র ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই হরিসাধন দাশগুপ্তর অবদান বেশি। দ্য স্টোরি অফ স্টিল, কোনারক দ্য সান টেম্পল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বাঘা যতীন-- তাঁর বিখ্যাত সব তথ্যচিত্র।

তিনি চলচ্চিত্র বানিয়েছেন মাত্র দু'টি। কিন্তু সেই দু'টি ছবিই ল্যান্ডমার্ক। উত্তমকুমার সুচিত্রা সেন ও নির্মল কুমার অভিনীত 'কমললতা' এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত 'একই অঙ্গে এত রূপ'। একসময় লন্ডন ও আমেরিকায় পড়াশোনার সুবাদে হরিসাধন যেন সাহেবি হাওয়া নিয়ে এসেছিলেন টালিগঞ্জ পাড়ায়।
হরিসাধন দাশগুপ্তর ছেলে রাজা দাশগুপ্তও বিখ্যাত পরিচালক। বাবার সহকারি হিসেবে কেরিয়ার শুরু তাঁর। দূরদর্শনের অজস্র কাজ করেছেন রাজা। তাঁর পরিচালনায় বিখ্যাত সিরিয়াল ছিল লেডিস হোস্টেল, পদিপিসির বর্মি বাক্স। তাঁর পরিচালনায় বাংলা ছবি, 'চৌকাঠ'। দূরদর্শনে স্ত্রী চৈতালী দাশগুপ্তর সঞ্চালনায় অনেক টক শো-র পরিচালনা ও প্রযোজনা ছিল রাজা দাশগুপ্তর।

রাজা-চৈতালীর দুই ছেলে বিরসা ও ঋভু-- দু'জনেই পরিচালক। টলিউডে প্রথম সারির পরিচালক বিরসা দাশগুপ্তর মতোই ভাই ঋভু দাশগুপ্তও বলিউডে রেখেছেন নিজের কাজের স্বাক্ষর।

এবার সেই ঋভু দাশগুপ্তের ছবি ‘সেকশন ৮৪’-এ অভিনয় করছেন অমিতাভ বচ্চন। নতুন সিনেমার খবর নিজেই টুইটারে জানিয়েছেন বিগ বি। আদলত কক্ষ নিয়ে গড়ে ওঠা কাহিনির এই সিনেমায় অমিতাভই প্রধান চরিত্রে অভিনয় করবেন। তবে তিনি উকিল, নাকি বিচারক, সেটা এখনও পরিষ্কার করে জানানো হয়নি। এর আগে ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমায় আদালত কক্ষে পাওয়া গিয়েছিল অমিতাভকে। 'পিঙ্ক' ছবির পরিচালকও ছিলেন বাঙালি, অনিরুদ্ধ রায়চৌধুরী ও গল্প ও প্রযোজনা সুজিত সরকারের।

বিগ বি তাঁর টুইটে লিখেছেন, ‘আবারও সৃষ্টিশীল মানুষগুলির নতুন উদ্যোগে সামিল হলাম, এই ধরনের সিনেমা প্রতিবার আমার দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়।’
‘সেকশন ৮৪’ ঋভু দাশগুপ্তর সঙ্গে অমিতাভের তৃতীয় কাজ। এর আগে ২০১৪ সালে ঋভুর টেলিভিশন সিরিজ ‘যুদ্ধ’তে অভিনয় করেন অমিতাভ। এর দু’বছর পরে ২০১৬ সালে ‘টিইথ্রিএন’ থ্রিলার সিনেমাতেও ঋভু নিয়ে আসেন এই লিভিং লেজেন্ডকে।

ঋভুর নতুন ছবির নাম শুনে মনে হচ্ছে ভারতীয় দণ্ডবিধির ৮৪ নম্বর ধারার কথা। এই ধারায় বলা হয়েছে, মানসিক ভাবে অসুস্থ কোনও ব্যক্তি নিজের অজ্ঞাতে কোনও অপরাধ করলে আইনের চোখে তিনি দোষী নন। মনে করা হচ্ছে, ছবির বিষয়বস্তুও এই প্রেক্ষাপটেই আবর্তিত হবে। আর এমন একটি মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
এই ছবি নিয়ে ঋভুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, 'আরও একবার স্যরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি ধন্য।' ছোট ভাই ঋভুর এই খুশির খবরে দাদা বিরসাও উচ্ছ্বসিত। তিনি ভাইয়ের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, তাঁদের পারিবারিক চলচ্চিত্র পরিচালনার ধারাকে ঋভু আবার নতুন দিগন্তে পৌঁছে দিল।

বাবা রাজা দাশগুপ্ত ও মা চৈতালী দাশগুপ্ত ভীষণ খুশি, ছেলে ঋভুর ছবিতে মহাতারকা অমিতাভ বচ্চন কাজ করায়। অমিতাভ বচ্চন নিজে খবরটি টুইটারে জানানোয় দাশগুপ্ত পরিবারে রীতিমতো সাড়া পড়ে গেছে।
চল্লিশ বসন্ত পেরিয়েও, ‘দাদার কীর্তি’ চিরবসন্তের ফাগে রঙিন আজও