দ্য ওয়াল ব্যুরো: এ বার আসতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। তারই প্রস্তুতি শুরু করে দিলেন বিগ বি। সেই কথা নিজের টুইটারে প্রকাশ করলেন অমিতাভ বচ্চন। নতুন ছবি নিয়ে বেশ আশাবাদী সিনিয়র বচ্চন।
নতুন ছবিতে অমিতাভ জুটি বেধেছেন আলিয়া ভট্ট ও রণবীর কাপুরের সঙ্গে। তরুণ পরিচালক অয়ন মুখার্জী রয়েছেন এই ছবির দায়িত্বে। বেশ কিছুদিন ধরেই এই ছবির ব্যাপারে টুইটারে ছবি প্রকাশ করছিলেন অমিতাভ। কিন্তু কবে শুটিং শুরু হবে সে ব্যাপারে বলেননি কিছু। কিন্তু সম্প্রতি এক টুইটে বিগ বি জানান বুধবার থেকে শুরু হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'র শুটিং। কিন্তু আগেরদিন থেকেই তাঁরা শুরু করে দিয়েছেন ছবির প্রস্তুতির কাজ।
https://twitter.com/SrBachchan/status/1004065329687945216
পরিচালক হিসেবেও অয়ন মুখার্জী বেশ কয়েক বছর পরে আসতে চলেছেন সেলুলয়েডে। ২০০৯ সালে 'ওয়েক আপ সিড' ছবি দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু। তার চার বছর পর করলেন 'ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী।' এরপর ফের ৫ বছরের ব্রেক। ব্রহ্মাস্ত্র তাঁর তৃতীয় ছবি হতে চলেছে। অয়নের আগের দুটি ছবিতেও নায়ক ছিলেন রণবীর কাপুর। সেইদিক থেকে এটি রণবীর-অয়নের হ্যাটট্রিক ছবি হতে চলেছে।
এমনিতেই রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে এখন জোর গুঞ্জন। কিন্তু সেলুলয়েডের পর্দায় তাঁদের দেখা মেলেনি আগে। তাই একসঙ্গে আলিয়া-রণবীর-অমিতাভকে দেখার আশায় দিন গুনছেন তাঁদের কোটি কোটি ভক্ত।