কলকাতা থেকে কাজের সূত্রে চন্দনপুরে এসে পড়েছে এক তরুণী, প্রীতি। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার...

শেষ আপডেট: 25 August 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে কাজের সূত্রে চন্দনপুরে এসে পড়েছে এক তরুণী, প্রীতি। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, শহরের চাকচিক্য ছেড়ে এই ছোট্ট শহরে প্রথমে খানিক অস্বস্তি হলেও মায়ের পরামর্শেই প্রীতি পৌঁছে যায় তার শৈশবস্মৃতিতে ভরা দাদু-দিদার পুরনো বাড়িতে। ভেবেছিল, নির্ভরতার এক ছায়া পাবে সেখানে। কিন্তু ঘরে পা রেখেই শুরু হল এক অদ্ভুত খেলা—সময়ের, স্মৃতির আর অদৃশ্য শক্তির।

কখনও দেখা যায় দিদা আর দাদু ব্যস্ত মাছ–মাংস সাজাতে, আবার খাবার টেবিলে থাকে কেবল ভাত–ডাল। বিভ্রান্ত প্রীতি যেন এক অদৃশ্য গোলকধাঁধায় আটকে পড়ে। পরের দিন ঘটনাচক্রে সে বুঝতে পারে, এই বাড়ি তাকে আটকে রেখেছে—অদ্ভুত সময়চক্রে, এক বন্ধ ঘরের সামনে। দিদার সাজানো সেই আমিষের থালা যেন তাকে টেনে নিয়ে যায় অতীতের ভুলের অন্ধকারে।
পরিচালক অরুনাভ খাশনবিশের ভাবনা
অরুনাভ খাশনবিশ বললেন, “আমিষ আসলে শুধুই ভৌতিক গল্প নয়। এটা অপরাধবোধ, শ্রেণীভেদ আর অতৃপ্ত এক খিদের গল্প। দিনের আলোয় আমরা সবাই নিরামিষ—সুস্থ, সামাজিক। কিন্তু রাতের অন্ধকারে সেই আমিষ থালা আমাদের ভিতরের পাপকে মনে করিয়ে দেয়। আমি চাই দর্শক শুধু ভয় পেয়ে থেমে যেন না যায়, বরং তাঁরা ভাবুক—আমাদের প্রত্যেকের ভেতরেই কি এমন এক দরজাহীন ঘর নেই, যেখানে আমরা আটকে রেখেছি অতীতের ভুলগুলো?”

প্রযোজক গৌরব তপাদারের নতুন স্বপ্ন
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গৌরব তপাদার, যিনি ‘প্রেতকথা’ শো-এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, জানালেন—“প্রেতকথা পাঁচ বছরের যাত্রা। এর মধ্যে অনেক গল্প পড়েছি, অনেকগুলোকে যেন চোখের সামনে দেখেছি। তখনই ভেবেছিলাম, যদি সিনেমা করা যেত! অবশেষে সাহস নিয়ে ‘আমিষ’ বানালাম। আমার কাছে এই সিনেমা এক নতুন জন্ম।”

নতুন মুখ মনিকা পাল
সিনেমায় প্রীতির পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নৃত্যশিল্পী মনিকা পাল। তাঁর প্রথম অভিনয়। তিনি বললেন, “আমি বরাবর খুব ভীতু। অথচ এখানে আমাকে এমন চরিত্রে অভিনয় করতে হয়েছে যেটা দর্শকদের ভয় দেখাবে! তাই শুটিংয়ের সময় মেকআপ করার পর আয়নায় নিজেকে কখনও দেখিনি। অফস্ক্রিন সারাক্ষণ হনুমান চালিশা শুনতাম।”

সঙ্গীতে ভিন্নতার ছোঁয়া
সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন নীলাঞ্জন ঘোষ। তাঁর কথায়, “আমিষ-এ কাজ করে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি—নীরবতারও একটা ভাষা আছে। প্রতিটি ক্ষুদ্র সুর, প্রতিটি নীরবতা এই সিনেমার ভয়কে বাড়িয়ে দিয়েছে। ফলে সাধারণ হরর ছবির মতো নয়, ‘আমিষ’-এর ভৌতিকতা অনেক গভীর।”
মুক্তির দিনক্ষণ
মাত্র ৩০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমিষ’ মুক্তি পাবে আগামী ২৯ অগস্ট, গৌরব তপাদারের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্রেতকথা’-য়। ‘আমিষ’যেন শুধু ভয়ের গল্প নয়, বরং প্রত্যেকের ভিতরের অপরাধবোধ, দমন করা ইচ্ছে আর লুকোনো পাপের প্রতিফলন।