.jpg)
শেষ হচ্ছে ধারাবাহিক
শেষ আপডেট: 1 April 2025 21:29
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে টিআরপির ভিত্তিতে একের পর এক নতুন ধারাবাহিক শুরু হলেও, কয়েক মাসের মধ্যেই সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এই তালিকায় এবার যুক্ত হলো জি বাংলার ‘অমর সঙ্গী’। জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি অভিনীত এই ধারাবাহিকটিও শেষ হওয়ার পথে।
ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তি মুদলি মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। পোস্টে ধারাবাহিকের লুকের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লেখেন—"অভ্যাস বড়ই কঠিন ব্যাপার, ছাড়তে এবং ধরতে দুটোতেই সময় লাগে। ৯ মাসের সফর এবার শেষের পথে, তাই বিদায়ের পালা। একগুচ্ছ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এগিয়ে চললাম নতুন গন্তব্যে।"
নায়িকার এই পোস্টে মন খারাপ ভক্তদের। খুব শীঘ্রই শ্যামৌপ্তিকে অন্য ধারাবাহিকে দেখতে চান তাঁরা, তা জানাতেও ভোলেননি। ৯ মাস আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউজের হাত ধরে নীল ও শ্যামৌপ্তিকে নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। প্রথমে দুপুরের স্লটে এই মেগাকে দেখানো হতো। কিন্তু টিআরপি এতটাই খারাপ আসে যে বদলে যায় স্লট। এরপর একের পর এক স্লট বদলে গেলেও লাভ হয়নি। টিআরপির উন্নতি চোখে পড়েনি।
এবার বাজল বিদায় ঘণ্টা। ধারাবাহিক শেষ হলেও ভক্তরা আশা ছাড়েননি। অনেকেই মনে করছেন, খুব শিগগিরই নীল ও শ্যামৌপ্তিকে নতুন কোনও ধারাবাহিকে দেখা যাবে। শ্যামৌপ্তিও তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন নতুন সফরের। এখন দেখার, এই জনপ্রিয় জুটিকে দর্শক আবার কবে ও কোন নতুন রূপে দেখতে পান!