
রাজ্যসভায় ‘আমার বস’
শেষ আপডেট: 28 April 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-র সাফল্যের পরে ফের একবার বড় খুশির খবর দিলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের পরিচালিত নতুন বাংলা ছবি 'আমার বস' এবার দেখানো হবে রাজ্যসভায়। এই বিশেষ প্রদর্শনী হবে আগামী ৩ মে, ২০২৫, সকাল ১১টায়। পার্লামেন্ট লাইব্রেরি বিল্ডিং-এর জিএমসি বালায়োগী অডিটোরিয়ামে।
'আমার বস'-এর সবচেয়ে বড় চমক, রাখী গুলজার। প্রায় ২২ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন রাখীর। শেষ তিনি অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত ছবি 'শুভ মহরৎ'-এ। 'আমার বস'-এ তিনি হয়েছেন শুভ্রা গোস্বামী, যিনি কর্পোরেট দুনিয়ার গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে সিনিয়র সিটিজেনদের জন্য কর্মস্থলে ‘ডে-কেয়ার’-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ছবির ভাবনা এসেছে গুগলের ‘টেক ইয়োর প্যারেন্টস টু ওয়ার্ক ডে’ ও লিঙ্কডইনের ‘ব্রিং ইয়োর প্যারেন্টস টু ওয়ার্ক ডে’-এর মতো আন্তর্জাতিক উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে। মা-ছেলের সম্পর্কের আবেগময় গল্পের মাধ্যমে, 'আমার বস' তুলে ধরেছে কর্মজীবী মানুষের মানসিক টানাপোড়েন ও বয়স্ক বাবা-মায়েদের অফিস সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা। ছবিপ্রসঙ্গে নন্দিতা রায় বলেন, ‘অনেক সময় আমরা বাবা-মায়েদের বাড়িতে রেখে সারাদিন অফিসে উৎকণ্ঠায় কাটাই। 'আমার বস' সেই অভিজ্ঞতার সঙ্গে খুবই সম্পর্কিত এবং আমাদের ভাবতে বাধ্য করে। রাখীদি আমাদের এই স্বপ্নের প্রজেক্টে যোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। শুভ্রা গোস্বামীর চরিত্রের মাধ্যমে তিনিই পরিবর্তনের সাহসিকতা দেখিয়েছেন।’
অন্যদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, ‘গত বছর আমি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'-র রাজ্যসভায় প্রদর্শনীতে থাকতে পারিনি, কারণ তখন 'বহুরূপী'র শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এবারের এই সম্মানজনক প্রদর্শনীর জন্য আমি সত্যিই উত্তেজিত।’
'আমার বস' ইতিমধ্যেই ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে, আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেল-এর জন্য মনোনীত হয়েছে এবং চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ইন্ডিয়ান প্যানোরামাতেও স্থান পেয়েছে।
নন্দিতা-শিবপ্রসাদ জুটি আশাবাদী, 'আমার বস' অফিসে বয়স্ক নাগরিকদের অন্তর্ভুক্তির মতো জরুরি বিষয়ে আলোচনার দরজা খুলবে এবং কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে সমতা বজায় রাখার নতুন এক দৃষ্টিভঙ্গি দেবে।