
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন
শেষ আপডেট: 2 May 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: চলছে 'ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫' (Waves Summit 2025)। মুম্বইয়ে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক বিনোদন সম্মেলনে প্রথম দিনেই উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সিনেমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ‘পুষ্পা ২’ ছবির একটি দৃশ্যের শুটিং নিয়ে বিশেষ একটি ঘটনা শেয়ার করেন অভিনেতা।
মঞ্চে আল্লু অর্জুন বলেন, “আপনারা নিশ্চয়ই ‘পুষ্পা ২’-এর ট্রেলার দেখেছেন। সেখানে একটি পাল্লু শট আছে—ওড়না নিয়ে একটি বিশেষ দৃশ্য। সেটি নিখুঁতভাবে তোলার জন্য আমাদের ৭০ থেকে ৮০ বার টেক নিতে হয়েছিল।”
তিনি জানান, সকাল ৮টা ৩০ মিনিটে শুটিং শুরু হয়। তবে কীভাবে শরীর ও মুখের অভিব্যক্তি নিখুঁত হবে, তা বুঝতে সময় লেগে যায়। দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ সেই শট ঠিকভাবে তোলা সম্ভব হয়। “৮০ বার টেক নেওয়ায় গোটা ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, এই দৃশ্যটা নিখুঁত না করলে চলবে না,” বলেন অভিনেতা। তাঁর মতে, ৭৮ বা ৮৫ নম্বর টেকেই অবশেষে সেই দুর্দান্ত মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়।
উল্লেখ্য, ‘পুষ্পা’ ছবির বিশাল সাফল্যের পর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা ২’ মুক্তির সঙ্গে সঙ্গে দেশজুড়ে সাড়া ফেলে। আল্লুর চরিত্র পুষ্পা রাজ—এক দিনমজুর থেকে লাল চন্দন চোরাচালানের সিন্ডিকেটে উঠে আসার কাহিনি দর্শকের মন ছুঁয়ে যায়। ছবিতে আল্লুর সঙ্গে ছিলেন রশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল।