
শেষ আপডেট: 4 November 2023 13:02
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের জন্মদিন বলে কথা! একটা জমকালো পার্টির আয়োজন তো হবেই। আর বলিউডের বাদশার জন্মদিনে গোটা বলিউডই যে হাজির থাকবেন, সেকথা বলাই বাহুল্য। হলও তাই! বৃহস্পতিবার রাতে ‘মন্নত’-এ আয়োজন করা হয়েছিল সেই পার্টির। আর সেখানে হাজির ছিল বলিউডের প্রায় সবাই। সলমন খান, সঞ্জয় কাপুর থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট—সকলেই এসেছিলেন শাহরুখের নিমন্ত্রণে।
শুধু বলিউড নয়, হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও। মাহির সঙ্গে শাহরুখের সখ্যতার কথা কারওই অজানা নয়। ক্রিকেট এবং বলিউডের বন্ধুত্বও যেমন দীর্ঘদিনের, ঠিক সেভাবেই শাহরুখের সঙ্গেও ধোনির সম্পর্ক বেশ পুরনো। অভিনেতার ৫৮তম জন্মদিনে নিমন্ত্রণ পেয়ে তিনিও হাজির হয়েছিলেন ‘মন্নত’-এ। সেখানে ধোনির তোলা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে বলিউডের দুই কাপল রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর-আলিয়া ভাটও এসেছিলেন পার্টিতে। সিনেমার ‘রকি’কে সেদিন রাতে ডিজের ভূমিকাতেও দেখা গিয়েছে। সেখানে শাহরুখের ‘জিন্দা বান্দা’, ‘লুঙ্গি ড্যান্স’, ‘আনা মেরে প্যায়ার’-এর মতো গানগুলিতে পা মিলিয়েছেন সবাই। বহুবছর পর শাহরুখ নিজের জন্মদিনে এমন বিশাল পার্টির আয়োজন করেছিলেন। আসলে ফ্লপের খরা কাটিয়ে এবার যে তিনি ফিরে এসেছেন স্বমহিমায়।