২০২৫ সালের কানে অভিষেকেই বাজিমাত! রেড কার্পেটে পা দিয়েই মন জয় করলেন সমালোচক ও দর্শকের।

আলিয়া ভাট
শেষ আপডেট: 24 May 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন, কান চলচ্চিত্র উৎসবে যাবেন না। কিন্তু পরিস্থিতি শান্ত হতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন আলিয়া ভাট। আর তারপরই ২০২৫ সালের কানে অভিষেকেই বাজিমাত! রেড কার্পেটে পা দিয়েই মন জয় করলেন সমালোচক ও দর্শকের।
আলিয়ার কানের রেড কার্পেট লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি সফট প্যাস্টেল ফ্লোরাল গাউনে ধরা দিলেন তিনি। হাঁটুর নিচ থেকে ফ্রিল-যুক্ত সেই গাউনে ছিল এক অনবদ্য ভিক্টোরিয়ান ছোঁয়া। অলঙ্কারের প্রতি ছিলেন একেবারেই সংযত—শুধুমাত্র কানে একজোড়া দুল, নিখুঁতভাবে বাঁধা খোঁপা, আর তার সঙ্গে ন্যুড মেকআপ—এই অনাড়ম্বর, অথচ রুচিশীল স্টাইলেই মাত করলেন আলিয়া।
তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একাধিক পোজে তিনি তুলে ধরছেন সেই অনন্য লুক। ইনস্টাস্টোরিতে একটি সাদাকালো ছবিতেও ধরা দিলেন, যেখানে চিনা স্টাইলের একটি হাতপাখা দিয়ে মুখের অর্ধেক ঢেকে রেখেছেন আলিয়া—গোটা ছবিতেই যেন লুকিয়ে রয়েছে এক রহস্যময়তা।
আলিয়ার কানের সাজসজ্জার নেপথ্যে ছিলেন রিয়া কাপুর, যিনি বরাবরই মিনিমাল অথচ ইমপ্যাক্টফুল ফ্যাশনের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলিয়াকে ‘ডিভা’, ‘রানি’, ‘স্টাইল আইকন’ বলে আখ্যা দিয়েছেন অনেকে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে বিশ্বজুড়ে থাকা অনুরাগীরা।