
শেষ আপডেট: 29 March 2022 08:52
দ্য ওয়াল ব্যুরো: এসএস রাজামৌলির ‘আরআরআর’ (RRR) বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে। শুরু থেকেই রাম চরণ, জুনিয়র এনটিআরদের এই ছবি নিয়ে বিনোদন জগত তোলপাড়। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, রাজামৌলির (S S Rajamouli) উপর ‘আরআরআর’ নিয়ে চটেছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)।

আরও পড়ুন: হাত ছেড়ে অবিশ্বাস্য সাইক্লিং! মাথায় ধরা বিশাল বোঝা, পোস্ট করলেন আনন্দ মাহিন্দ্রা
‘রাইজ, রোর, রিভোল্ট’ আলিয়া ভাটের দক্ষিণী ডেবিউ ফিল্ম। এই ছবির হাত ধরেই তেলেগু টলিউডে পা রাখলেন মহেশ ভাটের মেয়ে। কিন্তু ছবিতে তাঁর স্ক্রিন টাইমে অনেক কাঁটছাঁট করা হয়েছে বলে অভিযোগ। শোনা যাচ্ছে সেই কারণেই পরিচালকের উপর সন্তুষ্ট হতে পারেননি আলিয়া।

সূত্রের খবর, আলিয়ার ক্ষোভ এতটাই যে তিনি নাকি রাজামৌলিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন! এমনকি ‘আরআরআর’ ছবি সংক্রান্ত তাঁর সাম্প্রতিক কিছু পোস্টও নাকি ডিলিট করে দিয়েছেন আলিয়া। যদিও এই সমস্ত গুঞ্জনের কোনও সঠিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। মনোমালিন্য যদি কিছু থেকেও থাকে, তা নিয়ে মিডিয়াতে মুখ খোলেননি আলিয়া।
আরও পড়ুন: ৫০ পা দূরে দাঁড়িয়ে বিমান, কান্নাকাটি করেও তাতে উঠতে পারলেন না ঋতুপর্ণা! ফুঁসছেন অভিনেত্রী

তবে মুখে কুলুপ আঁটলে তো আর গুঞ্জন থেমে থাকে না। অনেকে তো এও বলছেন, ‘আরআরআর’ ছবির প্রথমদিকে আলিয়া ভাটকে যেভাবে প্রোমোশনে ঝাঁপাতে দেখা গিয়েছিল, এখন আর তা নেই। সম্প্রতি তো প্রচারে রম চরণদের সঙ্গে দেখাই যায়নি বলি কন্যাকে। সেসব দেখে কেউ কেউ বলছেন ‘আরআরআর’ টিমের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন আলিয়া।

‘আরআরআর’ ছবির ব্যবসায়িক সাফল্য রাজামৌলির ‘বাহুবলী ২’কেও ছাপিয়ে গেছে। বিশ্বজুড়ে প্রথম দিনেই ২২৩ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে তা ছাপিয়ে গেছে ৫০০ কোটির গণ্ডি। দক্ষিণী টলিউডের বিগ বাজেটের এই ছবি মাতিয়ে রেখেছে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে। রাম চরণ, জুনিয়র এনটিআরের অভিনয় এখানে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবিতে আলিয়া ভাটের উপস্থিতি আলাদা মাত্রা এনেছে সন্দেহ নেই। বলিউড ইন্ডাস্ট্রিতে আলিয়ার যা জনপ্রিয়তা, সেদিক থেকে বিচার করলে অভিনেত্রীর অনুরাগীরা বলছেন তাঁর সঙ্গে ‘অন্যায়’ করা হয়েছে। আলিয়ার স্ক্রিন টাইমে কাঁটছাঁট করা ঠিক হয়নি। এই ছবিতে কিছুক্ষণের জন্য দেখা গেছে অজয় দেবগনকেও। আলিয়াকে এই ছবিতে চাইলেই আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেন রাজামৌলি, বলছেন তাঁর ভক্তরা।