
শেষ আপডেট: 28 February 2023 11:41
দ্য ওয়াল ব্যুরো: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অক্ষয় কুমারের (Akshay Kumar)। বড়পর্দায় পরপর ছ'টি সিনেমা চরম ব্যর্থতার মুখ দেখার পর এবার বিদেশের মাটিতে তাঁর অনুষ্ঠানও (concert) বাতিল হয়ে গেল। সূত্রের খবর, টিকিট বিক্রির হার এতটাই কম যে, আমেরিকায় (USA) শো বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। তবে কেউ কেউ বলছেন, প্রোমোটাররা পেমেন্ট না করায় অনুষ্ঠান বাতিল (cancelled) হয়েছে।
শুধু অক্ষয় কুমার নন, এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল মৌনি রায়, নোরা ফতেহি, দিশা পাটানি, অপারশক্তি খুরানাদেরও। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল 'দ্য এন্টারটেইনার্স ট্যুর' (The Entertainers tour)। সূত্রের খবর, আটলান্টা, টেক্সাস, ফ্লোরিডা, অকল্যান্ড ও নিউ জার্সিতে এই শো হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকদের দাবি, টিকিট বিক্রির হার এতটাই কম যে নিউ জার্সির শো বাতিল করতে হয়েছে।
যত দূর জানা যাচ্ছে, নিউ জার্সিতে শোয়ের প্রোমোটাররা পেমেন্ট করেননি। তাই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিন্তু সামনে বলা হচ্ছে, টিকিট বিক্রি না হওয়ায় শো বাতিল। যদিও বিদেশের মাটিতে বলিস্টারদের শো নিয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যেও তেমন কোনও উন্মাদনা চোখে পড়েনি। তাই যেরকম ভিড়ের আশা করা হয়েছিল, তা শেষ অবধি হবে কিনা, সেই নিয়েও ধন্দে ছিলেন আয়োজকরা।
দীর্ঘদিনের ফিল্মি কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু, ২০২১ সালে 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে 'খিলাড়ি'র কোনও ছবিই লক্ষ্মীলাভ করতে পারেনি। নতুন বছরের শুরুতে ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে 'সেলফি' নিয়ে এলেও দর্শকদের মন জয় করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। এহেন কঠিন পরিস্থিতি আরও শোচনীয় হল শো বাতিল হওয়ায়।
বক্স অফিসে টানা ব্যর্থতা অক্ষয়ের, ‘ফ্লপমাস্টার’ তকমা নিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবেন ‘খিলাড়ি’