
শেষ আপডেট: 3 July 2023 11:02
দ্য ওয়াল ব্যুরো: ঈশ্বরের নামে কীভাবে লোক ঠকানো হয়, তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল ‘ওএমজি’ নিয়ে। বক্স অফিসে বেশ সফল হয়েছিল অক্ষয় কুমার, পরেশ রাওয়াল অভিনীত ছবিটি। সেই ছবিতে কৃষ্ণরূপে দেখা মিলেছিল অক্ষয়ের। আর এবার শিবরূপে আরও একবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘ওএমজি ২’। তবে সঙ্গে আর পরেশ নন, রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। সোমবার মুক্তি পেল সেই ছবিরই প্রথম পোস্টার। বলা হয়, সোমবার শিবের বার। তাই এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন বলিউডের ‘খিলাড়ি কুমার’।
‘ওএমজি ২’-এর পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, “আর কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে ছবিটি আসবে, আগামী ১১ অগস্ট। শীঘ্রই টিজার মুক্তি পাবে।” ছবিতে দেখা যাচ্ছে, লম্বা চুল, মাথায় জটা এবং কপালে লেপা ছাই। গলায় নীল রং, সঙ্গে ঝুলছে রুদ্রাক্ষের মালা। আর এক অদ্ভুত শীতল দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে রয়েছেন শিবরূপী অক্ষয়। এমন লুকে অভিনেতাকে দেখে স্বভাবতই চমকে গিয়েছেন অনুরাগীরা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও।
অক্ষয়ের শেয়ার করা এই পোস্টারের নীচে কমেন্ট করেছেন অভিনেতা টাইগার শ্রুফ। তিনি লিখেছেন, ‘পাজি!’ উল্লেখ্য, টাইগারের সঙ্গে সম্প্রতি অক্ষয় ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির শ্যুট শেষ করেছেন। এদিকে অক্ষয়ের এক অনুরাগী লিখেছেন, ‘হাউসফুলের মতো সিনেমা না করে এধরনের সিনেমা করা উচিত আপনার।’ আর একজন নেটিজেন লেখেন, ‘আশা রাখি আপনি আবার হিন্দু ধর্ম নিয়ে ছবিতে মজা করবেন না।’ তিনি যে এই মন্তব্যের মাধ্যমে ‘আদিপুরুষ’-এর কথা বোঝাতে চেয়েছেন, তা জলের মতো পরিষ্কার।
‘ওএমজি ২’-এর লেখক ও পরিচালক অমিত রাই। অক্ষয় ছাড়াও ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠীকে। প্রসঙ্গত, বড়পর্দায় এই ছবিটি মুক্তির দিন আরও একটি বিগ বাজেট ছবি রিলিজ হবে। তা হল সানি দেওল ও আমিশা প্যাটেলের 'গদর-২'। এদিকে ওই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল রণবীর কাপুর, রশ্মিকা মান্ধানা অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির। তবে সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবিটি কোনও অজানা কারণে পিছিয়ে ডিসেম্বরে মুক্তির দিন ঠিক করা হয়েছে। ফলত তিনটি বড় ছবি বক্স অফিসে ক্ল্যাশ হওয়া থেকে বেঁচে গেল। এখন দেখার এই দু’টি ছবির মধ্যে কে শেষ হাসি হাসে।