
শেষ আপডেট: 11 April 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: এ বছর বিগ রিলিজের মধ্যে যে ছবির দিয়ে অনেকেই আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছেন, তার অন্যতম হল ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’। গত প্রায় ৬ মাস ধরে সোশাল মিডিয়ায় ইনিয়ে বিনিয়ে এর প্রোমো চালাচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ ছবি আদ্যন্ত একটা থ্রিলার মুভি। সেনাবাহিনীর দুই অফিসার ফিরোজ (অক্ষয় কুমার) ও রাকেশ (টাইগার শ্রফ) বিশেষ মিশনে নেমেছেন। তাদের লক্ষ্য বদলার নেশায় বুঁদ এক ক্ষ্যাপা বিজ্ঞানীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা। ওই বিজ্ঞানী ওরফে কবীরের ভূমিকায় অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ। যিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ভারতকেই ধ্বংস করে দিতে চান।
এ ধরণের প্লটে ছবি আগে আরও হয়েছে। নব্বইয়ের দশকে রাজকুমার পর্যন্ত এ ধরনের ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। তবে অনেকে বলে এগুলো টাইম টেস্টেড প্লট। তাই ফিরে ফিরে আসে।
আলি আব্বাস জাফরের তৈরি এই ছবিতে মানুষি চিল্লার, আলায়া এফ, সোনাক্ষী সিনহাও রয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এ ছবি বানাতে খরচ হয়েছে সাড়ে তিনশ কোটি টাকা।
ছবি বানানোর এই টাকার অঙ্কটা যে বেশ বড়, সন্দেহ নেই। এই টাকায় অন্তত একশটা বাংলা ছবি তৈরি হয়ে যায়। জানা গেছে, এই ছবির জন্য টাইগার শ্রফের দ্বিগুণ পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার।
ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী অক্ষয় কুমার এই ছবির জন্য নিয়েছেন ৮০ কোটি টাকা। টাইগার শ্রফের পারিশ্রমিক হল ৪০ থেকে ৪৫ কোটি টাকা। আর ছবির প্রধান খল চরিত্র কবীর তথা পৃথ্বীরাজ সুকুমারণ নিয়েছেন ৫ কোটি টাকা।
বলিউডে হিরো ও হিরোইনের পারিশ্রমিকের কাঠামোয় এখনও বিস্তর বৈষম্য রয়েছে। ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবির জন্য সোনাক্ষী পেয়েছেন ২ কোটি টাকা। মানুষি চিল্লারও তাই পেয়েছেন। আর আলায়া এফ ও রনিত রায় ১ কোটি টাকা করে পেয়েছেন।
এক সাক্ষাৎকারে পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, ছবির বাজেট বড় হয়ে যাওয়ার কারণও রয়েছে। এমনও হয়েছে যে ছবিতে কয়েকটি স্টান্ট শ্যুট করতে এক একদিনে ৩ থেকে ৪ কোটি টাকা খরচ হয়ে গেছে। শুধু রিহার্সাল করতেই ৩০-৪০ লক্ষ টাকা দামের গাড়িতে ভাঙচুর হয়েছে বা বিস্ফোরক দিয়ে ওড়ানো হয়েছে।
তাঁর কথায়, বাজেট একটা বড় বিষয় বইকি। কারণ সবাই চান যে ছবির ভিজুয়াল ইমপ্যাক্ট বিদেশি ছবির মতো হোক। সেরকম ঝকঝকে প্রোডাকশন হোক। কিন্তু তা করতে প্রচুর টাকা খরচ হয়। বিশেষ করে যে সব ছবিতে অ্যাকশন থাকে তাতে খরচ এমনিই বেড়ে যায়।
আব্বাস বলেন, ছবিতে যদি বাইক স্টান্ট থাকে এবং এক একটি বাইকের দাম ৪ লাখ টাকা হয়, তাহলে সামান্য ভুলের জন্য চার লাখ টাকাই জলে যেতে পারে। আর এই ছবিতে তো হেলিকপ্টার ইত্যাদির সিনও রয়েছে। সেই সব দিনের খরচের কথা শুনলে চোখ কপালে উঠবে।