
শেষ আপডেট: 23 February 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: কানাডার (Canada) নাগরিকত্ব (citizenship) নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর একাধিকবার তাঁকে 'কানাডা কুমার' বলে তির্যক মন্তব্য করেছেন নিন্দকরা। এবার সেই কানাডার নাগরিকত্ব ফেরাতে চলেছেন অক্ষয়।
সম্প্রতি একটি সর্বভারতীয় খবরের চ্যানেলে এসেছিলেন অভিনেতা। সেখানে সঞ্চালকের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গ উঠতেই অক্ষয় কুমার বলেন, ভারতই তাঁর কাছে সবকিছু। ইতিমধ্যে পাসপোর্টে নাগরিকত্ব বদলের জন্য আবেদন করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, যখন কেউ না জেনেই তাঁকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেন, তখন খুবই খারাপ লাগে।
ঠিক কী বলেছেন অক্ষয় কুমার?
৫৫ বছর বয়সি এই অভিনেতা বলেন, "ভারতবর্ষ আমার দেশ। এটাই আমার সব। আমি নিজের জীবনে যা কিছু অর্জন করেছি সব এখান থেকেই। একইসঙ্গে আমি ভাগ্যবান যে নিজের কাজের মাধ্যমে তা কিছুটা হলেও দেশের মানুষকে ফিরিয়ে দিতে পেরেছি। কিন্তু খারাপ লাগে, লোকজন কিছু না জেনেই আমার নাগরিকত্ব নিয়ে মন্তব্য করলে।"
খানিক থেমে অভিনেতা বলেন, "তখন বলিউডে আমার কেরিয়ার সবে শুরু হয়েছে। পরপর ১৫টা ছবি ফ্লপ হলো। আমি বুঝে গেলাম যে, এখানে আমার আর কিছু হবে না। শেষে কানাডাবাসী আমার এক বন্ধুস্থানীয় ভাইকে বললাম যে সে দেশেই আমার কাজের ব্যবস্থা করতে। আমি বলিউডের পাট চুকিয়ে সেখানেই চলে যাব। এরপর আমি নাগরিকত্ব বদলের জন্য আবেদনও করি। তা পেয়েও যাই।"
এতকিছুর পরেও কেন কানাডা না গিয়ে বলিউডেই পড়ে রইলেন অভিনেতা? কীভাবে বদলে গেল জীবনের রাস্তা? প্রশ্নের উত্তরে অক্ষয় জানান, "তখন সামনেই আমার আরও দু'টো ছবি মুক্তির কথা। ঠিক করলাম, ছবিগুলো মুক্তি পেলেই আমি কানাডা চলে যাব। এরপরেই যেন সব বদলে গেল। সিনেমাগুলো সুপারহিট হল। আমার হাতে আরও ছবির কাজ আসতে শুরু করল। তখন আমার বন্ধু জানাল, এখানেই থেকে আরও কিছু বছর কাজ করতে। ওর কথা শুনে বলিউডে কাজ করতে করতে এখন এই জায়গায় এসে পৌঁছেছি।"
অভিনেতা বলেন, "এতবছর ধরে কাজ করছি। দর্শকের মনোরঞ্জন করছি। মাঝে এতগুলো বছর কেটে গেল। কোনওদিন একবারের জন্যও সেই নাগরিকত্বের কথা মাথায় আসেনি। আজ যখন সবাই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে, তখন খারাপ লাগে। আমি এ দেশেরই নাগরিক। ইতিমধ্যে কানাডার নাগরিকত্ব বাতিলের আবেদন করেছি। সেটা হয়ে গেলেই আমি ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন জানাব।"
মুক্তি পেল ‘মিসেস চ্যাটার্জি…’র ট্রেলার, রানির বিপরীতে বলিউডে ডেবিউ অনির্বাণের