
কেসরী চ্যাপ্টার টু: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ
শেষ আপডেট: 11 April 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুক্রবার তাঁর আসন্ন মুক্তি পেতে চলা কেসরী ২-এর প্রচারে মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন, আমি একজন অভিনেতা মাত্র। আমি ঐতিহাসিক নই। কেসরী চ্যাপ্টার টু: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ সিনেমার গল্পের মূল নায়ক বাস্তবের স্যার চেট্টুর শঙ্করন নায়ার। যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মামলায় ইংরেজ সরকারের ঘুম কেড়ে নিয়েছিলেন।
বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা দেশভক্ত নেতাকে উপেক্ষার অভিযোগ তুলেছেন। অক্ষয় কুমার এদিন সে বিষয়টি পাশ কাটিয়ে গিয়ে সকলকে ছবিটি দেখার অনুরোধ করেন। তাঁর সঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন অন্যতম প্রযোজক করণ জোহর এবং অভিনেত্রী অনন্যা পান্ডে। অক্ষয় বলেন, তাঁর বাবা যেভাবে তাঁকে ইতিহাসের কাহিনি শুনিয়েছেন, সেভাবেই তিনি ইতিহাসকে তুলে ধরতে চেয়েছেন এই ছবিতে।
এক প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, আমি অভিনেতা, ঐতিহাসিক নই। কোনও লোক কী বলছেন, কোনও রাজনীতিক কী বলছেন, আমি তার মধ্যে যেতে চাই না। আমি শুধু এই ছবিতে অভিনয় করেছি। এবং কী ঘটেছিল তা মানুষের জানা উচিত বলে মনে করি। রঘু পলাত ও পুষ্পা পলাতের লেখা 'দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার' বই থেকে মূল কাহিনি নেওয়া হয়েছে। অক্ষয়ের দাবি, আমরা বইতে যা আছে তা নিয়ে ছবি করেছি। আমি যা বুঝেছি, বাবার কাছ থেকে যেসব কাহিনি শুনেছি এই ছবিতে সেসব আছে। এর বাইরে কেউ রাজনৈতিকভাবে কোনও মন্তব্য করে থাকলে আমি তার ভিতরে যেতে চাই না।
অক্ষয়ের এই প্রতিক্রিয়ার আগে বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর এক্সবার্তায় লিখেছেন, কংগ্রেস দল তাদের প্রাক্তন নক্ষত্রদের উপেক্ষা করেছে। যেমন- শঙ্করন নায়ার, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল ও বাবাসাহেব আম্বেদকরের মতো নেতা দলে উপেক্ষিত। কংগ্রেসের পরিবারতান্ত্রিক স্বার্থ রক্ষার জন্য এরকম করেছে দেশের প্রাচীনতম দল। ব্রিটিশ শাসিত ভারতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পরবর্তী মামলায় নায়ারের অবদান দেশবাসী ভুলে গিয়েছে কেবলমাত্র কংগ্রেসের এক পরিবারবাদী রাজনীতির জন্য। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল কেসরী ২ মুক্তি পাচ্ছে।