
অক্ষয় কুমার
শেষ আপডেট: 26 April 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’। ১৮ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন ও অনন্যা পাণ্ডে। দর্শকদের প্রশংসায় ভাসছে ছবিটি, ইতিমধ্যেই বক্স অফিসে ৫০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে।
এই সাফল্যের আবহে সম্প্রতি ‘স্ক্রিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন অক্ষয় কুমার। কথা বলেন তাঁর সিনেমাগুলি দর্শকদের মনে যে প্রভাব ফেলেছে, দর্শকদের সমালোচনার প্রতি তাঁর মনোভাব, এবং একজন অভিনেতা হিসেবে তাঁর সবথেকে বড় ভয় নিয়ে।
সাক্ষাৎকারে অক্ষয় জানান, এমন সমাজমুখী সিনেমায় কাজ করতে পেরে তিনি গর্বিত। তাঁর কথায়, “টয়লেট: এক প্রেম কথা’ মুক্তির পর বহু মানুষ বাড়িতে শৌচালয় নির্মাণের গুরুত্ব বুঝেছেন। আবার ‘প্যাডম্যান’ ছবির মাধ্যমে মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সচেতনতা বাড়ানো সম্ভব হয়েছে। মেয়েরা বাবা বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছে। ‘ও এম জি ২’-এর মাধ্যমেও যৌন শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনার সূচনা হয়েছে। যখন দর্শকরা এই ছবিগুলির গল্পকে ভালোবাসেন, তখন একজন অভিনেতা হিসেবে আমিও খুশি হই।”
তবে শুধু প্রশংসাই নয়, সমালোচনাকেও সাদরে গ্রহণ করেন তিনি। অক্ষয়ের বক্তব্য, “দর্শকই আসল সমালোচক। তাঁরা অর্থ খরচ করে সিনেমা দেখতে আসেন। তাই তাঁদের প্রশংসা যেমন আনন্দ দেয়, সমালোচনা থেকেও শিক্ষা নেওয়া উচিত।” তিনি আরও যোগ করেন, “সমালোচনা কখনও কখনও কষ্ট দেয়, কিন্তু সেটাই একজন অভিনেতাকে আরও উন্নত করে।”
চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও দর্শকদের প্রভাবের কথা স্বীকার করেন অক্ষয়। তাঁর কথায়, “অনেক সময় দর্শক অনুরোধ করেছেন কিছু আলাদা করতে। সেই অনুযায়ী চরিত্র বা গল্প বেছে নেওয়ার চেষ্টা করেছি।”
৫৭ বছর বয়সী অক্ষয় কুমার ফিটনেস এবং অ্যাকশন দৃশ্যের জন্য সুপরিচিত। বরাবরই স্টান্ট দৃশ্যে নিজেই অভিনয় করে থাকেন তিনি। তবে অভিনেতা জানান, তাঁর একমাত্র বড় ভয় হেলিকপ্টার থেকে পড়ে যাওয়া। সেইসঙ্গে কাজ থেকে দীর্ঘ বিরতিও তাঁর জন্য ভয়ের বিষয়। অক্ষয় বলেন, “কাজ ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। মৃত্যু ছাড়া অন্য কোনও কারণেই আমি বিশ্রাম নিতে চাই না।”