
শেষ আপডেট: 30 August 2022 11:25
দ্য ওয়াল ব্যুরো: 'রাম সেতু' নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অক্ষয় কুমারের (Akshay Kumar)। একেই চলতি বছর তাঁর পরপর তিনটি সিনেমা বক্স অফিসে চরম ব্যর্থতার মুখ দেখেছে। এরমধ্যে আগামী ছবি 'রাম সেতু' (Ram Setu) নিয়ে বারবার বিতর্কের শিকার হচ্ছেন খিলাড়ি কুমার। এবার ফের এই ছবিতে অভিনয় করার জন্য অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচাকে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। এই ছবিতে ভারতের দক্ষিণে অবস্থিত রাম সেতু নিয়ে মিথ্যা এবং বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে বলে অভিযোগ তাঁর।
সূত্রের খবর, শুধু অভিনয়ের জন্য আইনি নোটিস নয়, অক্ষয় ছাড়া ছবির সঙ্গে জড়িত আরও আটজনকে নোটিস পাঠিয়ে তিনি এই সিনেমায় নিজের কৃতিত্ব চেয়েও সতর্ক করে দিয়েছেন। টুইটে এই প্রবীণ বিজেপি নেতা বলেছেন, বলিউড পাপে ভরা। হিন্দু ধর্ম নিয়ে মিথ্যাচার করা ওঁদের অভ্যাস হয়ে গিয়েছে। তাই ছবির নির্মাতাদের সঠিক তথ্য দিয়ে নিজের কৃতিত্বের দাবি জানিয়েছি। ইতিহাস বিকৃত করার জন্য অক্ষয় কুমার-সহ আরও আট জনকে আইনি নোটিস পাঠালাম।’
পাতাললোকের দ্বিতীয় সিজনে চঞ্চল চৌধুরী! সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা
জানা গিয়েছে, সেই নোটিসে লেখা রয়েছে যে, ‘আমার মক্কেল সুব্রহ্মণ্যম স্বামী ২০০৭ সালে রাম সেতুর সংরক্ষণ ও সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টে সফলভাবে যুক্তি দিয়েছিলেন এবং সরকারি প্রকল্প সেতুসমুদ্রম শিপ চ্যানেলের বিরোধিতা করেছিলেন। পবিত্র রাম সেতুকে ধ্বংস করে তৎকালীন কেন্দ্র সরকারের ওই প্রকল্পের রূপায়ণ মেনে নেননি আমার মক্কেল। অবশেষে সেই বছরের ৩১ অগস্ট সেতু ভেঙে ফেলার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এই রায় অনুযায়ী রাম সেতুকে বাঁচানো ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই ছবির কাহিনিতে এই প্রসঙ্গ রাখা হোক এবং মক্কেল উপযুক্ত সম্মান দিয়ে তাঁর কৃতিত্ব ছবির শুরুতেই ঘোষণা করা হোক।' শুধু তাই নয়, 'রাম সেতু' মুক্তির আগে তাঁর জন্য স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করা হোক বলে লেখা রয়েছে সেই নোটিসে।
উল্লেখ্য, এর আগেও একবার 'রাম সেতু' ছবির নির্মাতা এবং অভিনেতাদের আইনি নোটিস পাঠিয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন দাবি জানিয়ে নির্মাতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।