
শেষ আপডেট: 2 November 2023 19:15
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির মুখেই সুখবর গায়িকা আকৃতি কক্করের পরিবারে, মা হলেন গায়িকা আকৃতি। বুধবার রাতে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন আকৃতি। বৃহস্পতিবার সকালে সেই সুখবর সকলকে দিলেন আকৃতি এবং তাঁর স্বামী চিরাগ।
বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে আকৃতি লেখেন ''১/১১/২০২৩ তারিখে আমাদের পরিবারের আয়তন আরও ২ ফুট বেড়ে গেল। আমাদের কোল জুড়ে এসেছে ভীষণ আদরের শিশুপুত্র।" আকৃতির সন্তান জন্মের সময়ে তাঁর পাশে ছিলেন মা বাবা এবং বোনেরা। আকৃতি এই পোস্টে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রসবের সময়ে ভারপ্রাপ্ত চিকিৎসকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি গায়িকা।
২০১৬ সালে পরিচালক চিরাগ অরোরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আকৃতি। বিয়ের পরও অবশ্য সমান তালে গান চালিয়ে গিয়েছেন গায়িকা। আকৃতির পাশাপাশি দুই বোন সুকৃতি এবং প্রকৃতিও পা রেখেছেন গানের জগতে। বিয়ের ৭ বছর পর এই সুখবরে খুশি গায়িকার পরিবারের সকলেই। বোন প্রকৃতি ইনস্টাগ্রামেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রকৃতির পাশাপাশি গানের জগতের অন্যান্য তারকারাও শুভেচ্ছো জানিয়েছেন আকৃতিকে। শ্রেয়া ঘোষাল লিখেছেন, 'খুব তাড়াতাড়ি ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আসছি'। অন্যদিকে পাপন লিখেছেন, 'সুখবর, ঈশ্বর মঙ্গল করুন'। আপাতত আকৃতি-চিরাগের সন্তানের কী নাম রাখা হল তা জানতেই মুখিয়ে সকলে।